শাবিপ্রবি, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধানের অপসারণ দাবিতে উপাচার্যের দপ্তরে তালা লাগিয়ে বিক্ষোভ করছে বিভাগের শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় শ’খানেক শিক্ষার্থী বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপাচার্যের দপ্তরে তালা লাগিয়ে দেন। এতে ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস ও প্রক্টর হিমাদ্রি শেখর রায়সহ প্রশাসনিক কর্মকর্তারা ওই ভবনে আটকা পড়েন।
এরপর ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. আতিউল্লাহর অপসারণের দাবি সংবলিত ব্যানার নিয়ে শিক্ষার্থীরা উপাচার্যের দপ্তরের সামনে বিক্ষোভ করতে থাকে। এ দাবিতে বিভিন্ন স্লোগানও দেয় তারা।
ফল প্রকাশ ও ক্লাস শুরুতে বিলম্ব এবং স্বজনপ্রীতির অভিযোগে ইংরেজির শিক্ষার্থীরা বিভাগীয় প্রধানের পদ থেকে অধ্যাপক আতিউল্লাহর অপসারণ চাইছেন।
গত ফেব্রুয়ারিতে এ বিভাগের অনার্সের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা হলেও এখনো ফল প্রকাশ করা হয়নি। ঈদের ছুটির পর গত ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয় খুললেও ইংরেজি বিভাগে ক্লাস শুরু হয়নি এখনো।
ওই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রিয়াজ মো. খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভাগীয় প্রধানের পদ থেকে ওই শিক্ষককে অপসারণ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এই বিভাগের শিক্ষার্থীরা গত ৩ সেপ্টেম্বর থেকে এ দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৩২৩ ঘ.
bdnews24