২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ দুজনকে হল থেকে পুলিশে দিল ঢাবি প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে অবৈধভাবে থাকা দুই তরুণকে পুলিশে দিয়েছে হল প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 07:10 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে অবৈধভাবে থাকা দুই তরুণকে পুলিশে দিয়েছে হল প্রশাসন। তারা হলেন- নাছির খান ও শফিউল্লাহ সিকদার। এরা দীর্ঘদিন ধরে হলে অবৈধভাবে থাকতেন বলে ছাত্ররা জানিয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের সনাক্ত করা হয় বলে জানিয়েছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, “হলের আবাসিক ছাত্রদের অভিযোগের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে আট জনকে বহিরাগত হিসেবে চিহ্নিত করা হয়। এরমধ্যে দুই জনের কোনো পরিচয় পত্র না থাকায় তাদেরকে শাহবাগ থানায় দেয়া হয়।” অন্য ছয়জনকে হলের আবাসিক ছাত্রদের অনুরোধে ১২ ঘণ্টার সময় দিয়ে হল ছাড়তে বলা হয়। এছাড়াও অবৈধভাবে বহিরাগত রাখায় মাস্টার্স পরীক্ষা শেষ হওয়া এক শিক্ষার্থীকে আগামী মাসের ১৫ তারিখের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রাধ্যক্ষ জানান। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাজনৈতিক পরিচয়ে অনেক বহিরাগত অবস্থান করছেন। এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হলের শৃঙ্খলা বজায় রাখার জন্য এ অভিযান শুরু হয়েছে। এটি অব্যাহত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩০৯ ঘ.