ঢাবি, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে থেকে বৃহস্পতিবার রাতে বেশ কয়েকটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ।
চাপাতি বহনকারী এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে। তবে তার কাছে যতগুলো চাপাতি ছিল, তার সব উদ্ধার করতে পারেনি পুলিশ।
ছাত্রলীগ নেতারা বলছেন, ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে এই সব চাপাতি ব্যবহারের জন্য আনা হয়েছিল এবং এর গন্তব্য ছিল ছাত্রদলকর্মীরা।
তবে গ্রেপ্তার মমিন উদ্দীন শাহবাগ থানায় সাংবাদিকদের বলেন, চকবাজার থেকে চকবাজার থেকে কিনে তিনি র্যাডিয়ান্ট ফার্মাসিউটিক্যালসের উত্তরার স্টোর রুমে নিয়ে যাচ্ছিলেন এবং ঈদুল আজহায় উপহার হিসেবে চিকিৎসকদের দিতে এগুলো কেনা হয়।
মমিন উদ্দিন তার সঙ্গে ৬০টি চাপাতি থাকার কথা বললেও পুলিশ উদ্ধার করেছে আটটি। বাকি ৫২টির বিষয়ে মমিন বলেন, “হুড়োহুড়ির মধ্যে কারা নিয়েছে তা আমি জানি না।”
ছাত্রলীগ নেতারা বলেন, রাত ১০টার দিকে ছাত্রদল নেত্রী নার্গিসের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে ছাত্রদলকর্মীদের কাছে সরবরাহ করা হচ্ছিল এসব চাপাতি।
ঘটনার বর্ণনা দিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টিএসসির দিক থেকে নীলক্ষেতের দিকে মটর সাইকেলে যাচ্ছিল মমিন। তখন দেখতে পাই, মটরসাইকেলের পেছন থেকে চাপাতি পড়ে যাচ্ছে।”
তরিকুল জানান, ছাত্রলীগের ঢাবি শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল মৃধা এবং চকবাজার থানার সভাপতি জামান শিকদারও তার সঙ্গে ছিলেন।
ছাত্রদল নেত্রী নার্গিসসহ দুজন মমিনকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল দাবি করে তরিকুল বলেন, “এসময় আমরা মমিনকে পাকড়াও করলে সে নার্গিসের উদ্দেশ্যে বলে- ‘আপা আমাকে বাঁচান’।”
“আমরা মমিনের সঙ্গে তার পরিচয়ের কথা জানতে চাইলে নার্গিস বলেন, ‘এই ছেলে, আমি তো তোমাকে চিনি না’। এ সময় অনেকেই জড়ো হয়ে যায়। হুড়োহুড়ির মধ্যে নার্গিস সটকে পড়ে,” বলেন ছাত্রলীগ নেতা তরিকুল।
তার দাবি, রোকেয়া হলের ছাত্রদলকর্মীরা হুড়োহুড়ির মধ্যে বেশিরভাগ চাপাতি সরিয়ে ফেলে।
মমিন দাবি করেছে, নার্গিস তার পূর্ব পরিচিত, তার সূত্র ধরেই তিনি তাকে ডাক দেন।
এ বিষয়ে রাতে নার্গিসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এই বিষয়ে র্যাডিয়ান্টের সহকারী ব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, চিকিৎসকদের উপহার দিতে ওই চাপাতিগুলোর অর্ডার দিয়েছিলেন তারা।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, মমিনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। র্যাডিয়ান্ট ও চকবাজারের দোকানে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০১২০ ঘ.
bdnews24