ইসলামী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের গাড়ি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহনকারী গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এগার মাইল নামক এলাকায় এ দু’টি গাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইবি থানার ওসি মনির উদ্দিন।
“অজ্ঞাত সাত/আটজন বহিরাগত গাড়িগুলো লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।”
হামলার ঘটনা ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মেহের আলী।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগকে কেন্দ্র করে এ বিশ্ববিদ্যালয়ে কয়েক দফা হামলার ঘটনা ঘটে।
একের পর এক হামলার কারণে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কে ভুগছেন।
এ প্রসঙ্গে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ইয়াকুব আলী বলেন, “গাড়ি ভাঙচুর ও হামলার ভয়ে আমরা ক্যাম্পাসে যেতে পারছি না।”
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কোষাধ্যক্ষের গাড়িতে করে বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন।
এগার মাইল এলাকায় অজ্ঞাত সাত/আটজন গাড়িটিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এ সময় তারা শিক্ষকদের বহনকারী গাড়িতেও হামলা চালায় বলে জানায় ওই গাড়ির চালক জাহিদুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৫০ ঘ.
bdnews24