ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। এ জন্য একটি কমিটিও গঠন করা হয়।
মঙ্গলবার বুয়েটের একাডেমিক কাউন্সিলের এক বৈঠকে এই কমিটি গঠন করা হয় বলে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মনিমুল হক সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, স্থাপত্য অনুষদের ডিন অধ্যাপক রোকসানা হাফিজকে চেয়ারম্যান করে এই কমিটি গঠন করা হয়। বুয়েটের সব অনুষদের ডিন এই কমিটিতে আছেন। এই শিক্ষাবর্ষে আসন সংখ্যা কত রাখা হবে তা ঠিক করে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করবে কমিটি।
শারীরিক অসুস্থতার কারণে বুয়েটের উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম একাডেমিক কাউন্সিলের বৈঠকে উপস্থিত হননি বলেও জানান মনিমুল হক।
প্রায় দুইমাস অচলাবস্থার পর গত শনিবার বুয়েটে শিক্ষা-কার্যক্রম শুরু হয়। নতুন কর সাজানো হয়েছে একাডেমিক ক্যালেন্ডার।
নতুন একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত পাঁচ সপ্তাহ ক্লাস হবে। ২০ অক্টোবর থেকে ২ নভেম্বর দুর্গা পূজা ও ঈদ-উল-আযহা এবং ৩ থেকে ১৬ নভেম্বর দুই সপ্তাহের পরীক্ষা প্রস্তুতিকালীন ছুটি থাকবে। ১৭ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা।
বিভিন্ন অনিয়মের অভিযোগে উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানের পদত্যাগ দাবিতে শিক্ষক সমিতির ধারাবাহিক কর্মবিরতির হুমকিতে গত ১১ জুলাই থেকে টানা ৪৪ দিনের জন্য বুয়েট বন্ধ ঘোষণা করা হয়।
ওই সময় শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত আন্দোলন শুরু হয়। এর এক পর্যায়ে ৩১ জুলাই ভর্তি পরীক্ষার অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে শিক্ষক সমিতির কর্মসূচিতে অন্তর্র্বতীকালীন নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট।
২৫ অগাস্ট বুয়েট খোলার পর শিক্ষক সমিতির দাবি নিয়ে মাঠে নামে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে শিক্ষকরাও ‘ব্যক্তিগতভাবে’ যোগ দেন।
গত ৩ সেপ্টেম্বর শিক্ষক সমিতির সঙ্গে শিক্ষামন্ত্রীর এক বৈঠকে উপ-উপাচার্যকে তার পদ থেকে অপসারণের সিদ্ধান্তে সম্মত হয় উভয়পক্ষ। শিক্ষার্থীরা প্রথমে উপ-উপাচার্যের সঙ্গে উপাচার্যেরও অপসারণ দাবি করে। পরে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসে।
গত ৯ সেপ্টেম্বর উপ-উপাচার্য পদ থেকে অধ্যাপক হাবিবুর রহমানকে অপসারণ করার দুইদিন পর পরিবর্তিত একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা করে বুয়েট কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এইচএ/২০০৪ ঘ.
bdnews24