খুলনা, সেপ্টম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ ছয়দফা দাবিতে রোববার খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান ধর্মঘট করেছেন।
প্রশাসনিক ভবনের সামনে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলে।
পূর্বঘোষিত কর্মসূচিতে আরো রয়েছে সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপচার্যের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট এবং কালো ব্যাজ ধারণ।
তাদের ছয়দফার মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের অনিয়ম, দুর্নীতি, প্ল¬ট আকারে জমি বিক্রির ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।
ধর্মঘট চলাকালে খুবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. রেজাউল করীমের সভাপতিত্বে বক্তব্য দেন জীববিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ভুইয়া, সাবেক ডিন অধ্যাপক মো. আব্দুল মতিনসহ বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
বক্তারা জমি বিক্রির ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশসহ ৬ দফা দাবি আদায়ের অনুরোধ জানান।
এছাড়া বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন শাহ’র সময় ব্যাপক অনিয়ম ও দুনীতি তদন্তে শিগগিরই গণতদন্ত কমিশন গঠনের ঘোষণা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৮ ঘ.
bdnews24