২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারমাইকেলে অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর

‘ছাত্রশিবিরকে প্রবেশ করতে দেওয়ায়’ রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষের কার্যালয় ছাত্রলীগ ভাঙচুর করেছে বলের অভিযোগ পাওয়া গেছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2012, 12:30 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

রংপুর, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘ছাত্রশিবিরকে প্রবেশ করতে দেওয়ায়’ রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষের কার্যালয় ছাত্রলীগ ভাঙচুর করেছে বলের অভিযোগ পাওয়া গেছে । রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কলেজটির অধ্যক্ষ শাহ্ মোহাম্মদ মোকসেদ আলী। কলেজ কর্তৃপক্ষ জানায়, সকাল ১১টায় কারমাইকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। মিছিল শেষে টায় অধ্যক্ষকে স্মারকলিপি দেয়। এ ঘটনার পর ছাত্রলীগও পাল্টা মিছিল করে। অধ্যক্ষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে নেতাকর্মীরা তার কক্ষে গিয়ে জানতে চায় কেন ছাত্রশিবিরকে কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়েছে এবং তাদের স্মারকলিপি নেওয়া হয়েছে। “এক পর্যায়ে তারা টেবিল-চেয়ার ভাঙচুর করে।” এই কলেজে আগে ছাত্রশিবিরের আধিপত্য থাকলেও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তাদের প্রকাশ্য তৎপরতা বন্ধ হয়ে যায়। এদিকে, কারমাইকেল কলেজ অধ্যক্ষের কার্যালয় ছাত্রলীগের ভাংচুর ও অধ্যক্ষকে লাঞ্ছিত করার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে কলেজ শিক্ষক সমিতি। রোববার বিকেলে সমিতির এক জরুরি সভায় অধ্যক্ষসহ সকল শিক্ষকের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করার ও সোমবার কালোব্যাজ ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমিতির সভাপতি ও কলেজ অধ্যক্ষ শাহ্ মোহাম্মদ মোকসেদ আলী জানিয়েছেন, ঘটনা তদন্তে ইংরেজি বিভাগের অধ্যাপক ফজলুল হককে প্রধান করে ৫ সদস্যের কমিটি করা হয়েছে। “তাদের সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।” তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা রাফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাম্পাসে শিবিরের অনুপ্রবেশ ঘটেছে। ছাত্রলীগ পরিচয় দিয়ে শিবির কর্মীরা অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর করেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৮১০ ঘ.