২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার সচল হচ্ছে বুয়েট

শিক্ষামন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন শুরু হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 11:43 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের কারণে দুই মাসের বেশি সময় ধরে অচল বুয়েটে আগামী শনিবার থেকে ক্লাস-পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সোমবার বিকালে বুয়েট শিক্ষক সমিতির বৈঠকে শনিবার ক্লাসে ফেরার সিদ্ধান্ত হয়েছে। এর আগে সকালে ডিনস কমিটির বৈঠকে শনিবার থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত হলে শিক্ষার্থীরা তা মেনে নেয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শিক্ষামন্ত্রী আমাদের যে সব আশ্বাস দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হওয়ায় আগামী শনিবার থেকে আবার ক্লাসে ফিরে যাওয়ার বিষয়ে শিক্ষক সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।” সকালে ডিনস কমিটির বৈঠকে শনিবার ক্লাস শুরুর লক্ষ্যে প্রাথমিকভাবে একটি অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি করা হয়। উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম রোববারই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যেদিন থেকে ক্লাস শুরু হবে, সেদিন প্রথম দিন ধরে একাডেমিক ক্যালেন্ডার হবে। আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের কাছে শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি ছিল, উপউপাচার্যকে সরানো হবে এবং মামলা দুটি প্রত্যাহার হবে। রোববার বুয়েটের উপউপাচার্যকে অব্যাহতি দেওয়া হয়। মামলা দুটি নিষ্পত্তির জন্য রোববার আদালতে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন সোমবার গ্রহণ করেন মহানগর হাকিম কেশব রায় চৌধুরী। এর ফলে মামলা দুটির ‘মৃত্যু’ ঘটল বলে আইনজীবীরা বলছেন। সরকারের এসব পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা। আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থী যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী সুদীপ্ত সাহা দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষকরা চাইলে শনিবার নয় আজকেই আমরা ক্লাসে ফিরতে প্রস্তুত। শিক্ষামন্ত্রী শিক্ষক-শিক্ষার্থীদের যে সব প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হওয়ায় আমরা আশ্বস্ত হয়েছি। তাই ক্লাসে ফিরতে আমাদের কোনো বাধা নেই।” অনিয়মের অভিযোগ তুলে উপাচার্য ও উপউপাচার্য অপসারণের দাবিতে গত এপ্রিল থেকে আন্দোলন চালিয়ে আসছিলেন বুয়েট শিক্ষকরা। পরে শিক্ষার্থীরাও সেই আন্দোলনে যোগ দেয়। আন্দোলনের মুখে জুলাইয়ে ঈদের ছুটি ঘোষণা করে ক্যাম্পাস বন্ধ করে দেন উপাচার্য। ঈদের ছুটির পর গত ২৫ অগাস্ট বুয়েট খুললেও ক্লাস-পরীক্ষা এখনো বন্ধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৭৪০ ঘ.