ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপউপাচর্যের অপসারণ এবং মামলাও অকার্যকর হওয়ায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক-শিক্ষার্থীরা সোমবারই ক্লাসে ফিরবেন বলে আশা করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
উপ-উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানকে অপসারণের প্রজ্ঞাপন জারির পর রোববার সচিবালয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমি আশা করব, শিক্ষক-শিক্ষার্থীরা আগামীকালই (সোমবার) ক্লাসে ফিরে যাবেন। তাদের প্রত্যাশা মতো আমরা কাজ করেছি। তারাও আমাদের প্রত্যাশা মতো কাজ করবেন বলে আমার বিশ্বাস।”
“আগামীকাল তাদের ক্লাসে দেখতে চাই। আমি আশা করি, তারা দায়িত্বশীলতার পরিচয় দেবেন। শিক্ষার্থীদের অনেক সময় নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে। এই ক্ষতি পোষানোর জন্য যা যা করা দরকার তারা তাই তাই করবেন,” বলেন তিনি।
মন্ত্রী জানান, বুয়েটের ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার চূড়ান্ত প্রতিবেদন রোববার আদালতে জমা দেওয়া হয়েছে।
“তাই মামলাও আর নেই,” বলেন তিনি।
বুয়েটে অচলাবস্থা নিরসনে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে মামলা প্রত্যাহার ও উপউপাচর্যকে অপসারণসহ কয়েকটি প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষামন্ত্রী।
বুয়েটে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বাড়তি নজর দেওয়া হবে জানিয়ে নাহিদ বলেন, “শিক্ষার্থীরা যেন দ্বিধাগ্রস্ত না থাকে সেজন্য বাড়তি নজর দেওয়া হবে। শিক্ষার্থীরা দায়িত্বশীলতার সঙ্গে ক্লাসে ফিরে যাবে, বুয়েটে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে, এটাই আমাদের প্রত্যাশা।
উপাচর্য অধ্যাপক এস এম নজরুল ইসলামকে অপসারণের দাবিও রয়েছে শিক্ষক-শিক্ষার্থীদের। সে বিষয়ে পরে পদক্ষেপ নেওয়া হবে বলে মন্ত্রী শিক্ষক-শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
শিক্ষক-শিক্ষার্থীদের সন্তোষ প্রকাশ
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি ও যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী সুদীপ্ত সাহা উপউপাচার্যকে অপসারণের করায় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্লাসে ফিরে যাওয়ার জন্য আমরা প্রস্তুত।”
বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলামও উপ-উপাচার্যকে প্রত্যাহার করায় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
মঙ্গলবার এ বিষয়ে বুয়েট শিক্ষক সমিতি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এই শিক্ষক নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/প্রতিনিধি/এমআই/১৮২১ ঘ.
bdnews24