২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে ফের ধর্মঘটে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা

বিভাগীয় প্রধানের অপসারণের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের একাংশ আবারো অবস্থান ধর্মঘট করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 05:01 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম)- বিভাগীয় প্রধানের অপসারণের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের একাংশ আবারো অবস্থান ধর্মঘট করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভাগীয় প্রধানের কক্ষের সামনে তারা অবস্থান ধর্মঘট করেন। বন্ধের পর বিভাগের ক্লাস শুরু না হওয়া এবং দেড় বছরেও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত না হওয়ায় গত সোমবার শিক্ষার্থীরা বিভাগীয় প্রধানের অপসারণ দাবিতে প্রথমবার অবস্থান ধর্মঘট করেন। এদিন বিভাগের সব কক্ষে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেন। পরে প্রশাসনের সঙ্গে আলোচনায় শিক্ষার্থীরা দাবি মানতে ৭২ ঘণ্টা সময় বেধে দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি তদন্তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে প্রধান করে এক সদস্যের একটি কমিটি গঠন করে। পরে এ আন্দোলনের যৌক্তিকতা নিয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা দ্বিধা-বিভক্ত হয়ে পড়েন। নাম প্রকাশে অনিচ্ছুক ইংরেজী বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকমকে জানান, বিভাগের অভ্যন্তরীণ সমস্যাকে ব্যবহার করে অনেকে ‘ফায়দা’ লুটার চেষ্টা করছে। প্রথমে আন্দোলনে সম্পৃক্ত থাকলেও এখন অনেকে বিভাগীয় প্রধানের অপসারণের আন্দোলনকে যৌক্তিক মনে করছেন না। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকমকে জানান, শিক্ষার্থীদের অভিযোগ প্রশাসনের কাছে স্পষ্ট নয়। যত দ্রুত সম্ভব তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। ইংরেজি বিভাগের প্রধান ড. মো. আতি উল্ল¬াহ বলেন, “শিক্ষার্থীদের একটি অংশ কার ইন্ধনে আন্দোলনে নেমেছে তা বোধগম্য নয়। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে বিভাগে ক্লাস শুরু হবে। পরীক্ষা সংক্রান্ত সব কাগজ পরীক্ষা নিয়ন্ত্রয়কের দপ্তরে পাঠিয়ে দিয়েছি, কেন ফলাফল প্রকাশিত হচ্ছে না তা জানা নেই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২৫৯ ঘ.