জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ ও দুটি ইনস্টিটিউটে ভর্তির জন্য আগামী ১১ সেপ্টেম্বর থেকে আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ অক্টোবর থেকে ১৮ অক্টোবর।
উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ৩ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এক ঘণ্টায় ৬০ নম্বরের পরীক্ষা নেয়া হবে। ৩৫ শতাংশ নম্বর প্রাপ্তদের কৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে। কেবল কৃতকার্য শিক্ষার্র্থীরাই বিষয় পছন্দ করতে পারবেন। পাঁচটি ভুল উত্তরের জন্য কাটা যাবে এক নম্বর।
কলা ও মানবিক অনুষদে এবার বিভাগ ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগ আলাদা প্রশ্নপত্র প্রণয়য় করবে বলে জানিয়েছেন অনুষদের ডিন অধ্যাপক কামরুল আহছান।
এ বছর পাঁচটি অনুষদের আবেদন পত্রের মূল্য ৭০টাকা বাড়িয়ে ৩৩০ টাকার স্থলে ৪০০ টাকা করা হয়েছে। কলা ও মানবিক অনুষদের প্রতিটি বিভাগে ২০০ টাকা হারে নয়টি বিভাগের জন্য ১৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দুটি ইনস্টিটিউটে ২৫ টাকা বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে।
বিস্তরিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.juniv.edu/admission) পাওয়া যাবে।
এদিকে আবেদনপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। বেলা সাড়ে ১২টায় সমাজ বিজ্ঞান অনুষদ থেকে মিছিল শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে তারা বিক্ষোভ সমাবেশ করেন।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, “সময়ের সঙ্গে সঙ্গতি রেখে মূল্য বৃদ্ধি করা হয়েছে, আমরা কোনো বাণিজ্য করছি না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮১৮ ঘ.
bdnews24