২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করেছে ছাত্রলীগ

তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমানকে প্রধান প্রকৌশলী না করার দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তিনঘণ্টা অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 11:00 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমানকে প্রধান প্রকৌশলী না করার দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তিনঘণ্টা অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগ। বুধবার সকাল ১০টা থেকে সরকার সমর্থক এই সংগঠনের নেতাকর্মীরা উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এ সময় প্রশাসনিক ভবনে অবস্থানরত উপাচার্য, কোষাধ্যাক্ষ, রেজিস্ট্রারসহ কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। বেলা ১টায় নিয়োগ স্থগিত করার ঘোষণা দিলে অবরোধ তুলে নেওয়া হয়। শাবি ছাত্রলীগের আহবায়ক শামসুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্নীতিবাজ, “জামায়াত-বিএনপির পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার সৈয়দ হাবিবুর রহমানকে প্রধান প্রকৌশলী পদে নিয়োগের অপচেষ্টা রুখেতে এই অবস্থান ধর্মঘট।” অবরুদ্ধ অবস্থায় জরুরি বৈঠক করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন, ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কবির হোসেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দের আহ্বায়ক অধ্যাপক আবুল হোসেন ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। বৈঠক শেষে বেলা ১টার পর ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থানরত ছাত্রলীগ নেতা-কর্মীদের কাছে গিয়ে অবস্থান ধর্মঘট তুলে নিতে আহবান জানান। তিনি বলেন, ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি যৌক্তিক বলেই প্রশাসন আজ প্রধান প্রকৌশলী পদে নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করেছে। এরপর ছাত্রলীগ নেতাকর্মীরা অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেন। এ ব্যাপারে কথা বলতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৫৭ ঘ.