রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস এম নাদিম মাহমুদ সোমবার রাতে রাজশাহী নগরীতে ছিনতাইয়ের কবলে পড়েছেন।
রাত ৯টার দিকে রাজপাড়া থানার কালেক্টরেট মাঠের দক্ষিণ-পশ্চিম পাশে দুই ছিনতাইকারী অস্ত্রের মুখে আটকে একটি মোবাইল সেট, হাজার খানেক টাকা এবং গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র নিয়ে যায়।
দুই ছিনতাইকারী যখন নাদিমের গতিরোধ করে, তখন তাদের এক সঙ্গী মোটর সাইকেল নিয়ে পাশে ছিল। ছিনতাইয়ের পর তিনজনই ওই মোটর সাইকেলে চড়ে পদ্মা বাঁধের দিকে পালিয়ে যায়।
ঘটনার দুই মিনিট পর সাদা পোশাকধারী পুলিশের একটি টহল দল ওই পথে গেলে নাদিম তাদের কাছে সহযোগিতা চাইলে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
তবে সাংবাদিক পরিচয় দেয়ার পর পুলিশ সদস্যরা নাদিমকে তাদের গাড়িতে নেয় এবং নগরীর সিআন্ডবি মোড়ে নামিয়ে দেয়।
ওই টহল দলের সদস্যরা বলেন, তারা জেলা পুলিশের টহল হিসেবে কাজ করছে, কোনো র্ছিনতাইকারীকে ধরতে কাজ করছে না। এই কাজ করবে সংশ্লিষ্ট থানার পুলিশ।
রাতে সাধারণ ডায়েরি করতে গেলে রাজপাড়া থানায় ওই সময় দায়িত্বরত কর্মকর্তা এসআই সেলিম বাদশা বলেন, “ছিনতাইয়ের ঘটনায় কোনো জিডি করা যাবে না। আমরা এই ধরনের ঘটনায় কোনো জিডি গ্রহণ করি না।”
পরে তিনি মালামাল হারিয়ে যাওয়ার কথা বলে একটি জিডি করার পরামর্শ দেন। শেষ পর্যন্ত হারানোর তথ্য তুলে ধরে একটি সাধারণ ডায়েরি করেই ফিরতে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাদিমকে।
যে স্থানে ছিনতাই হয়েছিল, তার কাছেই বিভাগীয় কমিশনার, জেলা কমিশনার, আনসার ভিডিপির কার্যালয় ও অতিরিক্ত পুলিশ সুপারের বাড়ি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০০৩৫ ঘ.
bdnews24