রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎসবমুখর পরিবেশে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।
দীর্ঘ ছুটির পর সোমবার ক্যাম্পাস খুলেছে। এ কারণে প্রতিবছরের মতো ১ সেপ্টেম্বরের বদলে অনুষ্ঠানটি দু’দিন পর আয়োজন করা হয়।
শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মর্তুজা আলী, ছাত্র কল্যাণ পরিচালক ড. মো. শামিমুর রহমান, অধ্যাপক ড. আবদুল গোফফার খান, পরিচালক (গবেষণা ও স¤প্রসারণ) অধ্যাপক ড. তারিফ উদ্দীন আহমেদ প্রমুখ।
দিনের অন্যন্য কর্মসূচির মধ্যে ছিল প্রীতি ফুটবল প্রতিযোগিতা, বৃক্ষরোপন কর্মসূচি ও কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের অব্যাহত উন্নয়ন ও অগ্রযাত্রা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল।
১৯৬৪ সালে রাজশাহী রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয় নামে রুয়েট যাত্রা শুরু করে।
১৯৮৬ সালে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে প্রকৌশল মহাবিদ্যালয়গুলো বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) হয়। ২০০৩ সালে বিআইটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করা হয়।
বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদের আওয়তায় ছয়টি বিভাগের অধীনে প্রায় দুই হাজার শিক্ষার্থী এবং ১৩৪ জন শিক্ষক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭০০ ঘ.
bdnews24