২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কে প্রতিবাদী চিত্র বুয়েট শিক্ষার্থীদের

উপাচার্য ও উপ উপাচার্যের পদত্যাগ দাবিতে নিজেদের শরীরের রক্ত সিঁড়িতে ঢালার পর পলাশী মোড়ে সড়কে অবস্থান নিয়েছে বুয়েট শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 09:00 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্য ও উপ উপাচার্যের পদত্যাগের দাবিতে নিজেদের শরীরের রক্ত সিঁড়িতে ঢালার পর সড়কে অবস্থান নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার বেলা দেড়টার দিকে পলাশী মোড়ে অবস্থান নেয় প্রায় হাজারখানেক শিক্ষার্থী। উপাচার্যের পদত্যাগ চেয়ে তারা রাস্তায় আঁকছে প্রতিবাদী চিত্র। এতে পলাশী মোড় হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর আগে বেলা সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের পুর কৌশল ভবনের সামনে সমবেত হয়ে শিক্ষার্থীরা সিরিঞ্জ দিয়ে নিজেদের শরীর থেকে রক্ত বের করে। এরপর এই রক্তসহ তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে বেলা সোয়া ১টার দিকে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলামের কার্যালয়ের সামনের সিঁড়িতে রক্ত ঢেলে দেয়। সেখানে কিছুক্ষণ বিক্ষোভও করে তারা। শিক্ষার্থীরা এ কর্মসূচির নাম দিয়েছে ‘স্বেচ্ছায় রক্তপাত’। কয়েকজন শিক্ষকও ‘ব্যক্তিগতভাবে’ নিজেদের রক্ত দিয়ে এই কর্মসূচিতে শরিক হন। কর্মসূচি শুরুর আগে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে কেমিকেল প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আহসানুল কবির সুমন বলেন, “আমরা শান্তিপূর্ণ আন্দোলন করলেও এখনো উপাচার্যের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।” “আমরা জানতে পেরেছি খুলনা বিশ্ববিদ্যালয়ে রক্তপাতের পর সেখান থেকে তিনি (উপাচার্য) সরে এসেছিলেন। আপনি কি আমাদেরও রক্ত চান? আমাদের রক্ত চাইলে আপনার ক্যাডার বাহিনী পাঠানোর দরকার নেই। আমরা নিজেদের শরীর থেকে রক্ত দিচ্ছি- আপনি বুয়েট ছেড়ে চলে যান।” বুয়েট উপাচার্যের কক্ষে হামলা, ভাংচুর ও চুরির অভিযোগ এনে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলাও প্রত্যাহারের দাবি জানান সুমন। তিনি বলেন, “আন্দোলন বন্ধ করতে ষড়যন্ত্রমূলক ওই মামলা করা হয়েছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে।” রোববার রাতে শাহবাগ থানায় বুয়েট কর্তৃপক্ষের করা দুই মামলায় মোট ৪৯ জন শিক্ষক-ছাত্রের নাম উল্লেখ করে প্রায় একশ জনকে আসামি করা হয়েছে। এদিকে মামলা হওয়ার পর একদল পুলিশ রাতেই ক্যাম্পসে গিয়ে আন্দোলনকারীদের কিছু সময় ঘিরে রাখে। এ সময় শিক্ষার্থীদের মাঝে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। এখনো সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, রোববার বহিরাগত ছাত্রলীগ কর্মীরা উপাচার্যের দরজায় লাথি মারে এবং আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। এর জন্য শিক্ষার্থীরা দায়ী নয়। উপাচার্য ও উপ উপাচার্যের অপসারণ চেয়ে তাদের কুশপুত্তলিকা পোড়ানোর পর রোববার পদত্যাগের জন্য তাদের আরেক দফা সময় বেঁধে দেয় বুয়েটের শিক্ষার্থীরা। অচল ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের সামনে রাতেও কর্মসূচি চালিয়ে যায় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/এমআই/১৪৫৬ ঘ.