ঢাকা, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসে হামলা চালিয়ে চালককে পিটিয়ে আহত করেছে এলাকাবাসী।
রোববার দুপুর পৌনে ২টার দিকে পুরান ঢাকার সুরিটোলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বংশাল থানার ওসি কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে মিরপুর যাওয়ার পথে একটি বাস সুরিটোলায় এক ব্যক্তিকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী বাসে হামলা চালালে তাদের পিটুনিতে চালক জগদীশের ডান হাত ভেঙে যায়।
এ ঘটনায় কয়েকজন শিক্ষকও আহত হয়েছেন বলে শোনা গেলেও কেউ তা নিশ্চিত করতে পারেননি।
হামলার খবর পেয়েই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা শিক্ষার্থীদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।
এরপর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এলাকাবাসী ও ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় বলে ওসি কুদ্দুস জানান।
তিনি বলেন, পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিক্ষকদের বাসে হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় গুলিস্থান থেকে সদরঘাট ও গুলিস্তান পর্যন্ত সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
ওসি কুদ্দুস বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পরিস্থিতি স্বাভাবিক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীকে নিয়ে থানায় আলোচনা করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে।”
প্রক্টর অশোক কুমার সাহা বলেন, হামলায় বাসের চালক আহত হয়েছেন। তবে কোনো শিক্ষক আঘাত পেয়েছেন কী-না তা তিনি জানেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১৬৪৫ ঘ.
bdnews24