ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
বহিষ্কৃকতরা হলেন- শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের ছাত্র হাবিবুল্লাহ বেলালী ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমদাদুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- তা জানতে চেয়ে ‘কারণ দর্শাও’ নোটিশও দেওয়া হয়েছে।
প্রত্যক্ষ্যদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত শুক্রবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি চায়ের দোকানে রোকেয়া হলের চার ছাত্রীকে উত্যক্ত করেন বেলালী ও ইমদাদুল এবং তাদের সঙ্গে থাকা লাবু নামের এক বহিরাগত। ছাত্রীরা এর প্রতিবাদ করলে উভয়পক্ষের কথাকাটাকাটির এক পর্যায়ে ছাত্রীদের দিকে চা ছুড়ে মারে ওই দুই ছাত্র।
প্রক্টর আমজাদ আলী বলেন, ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই তদন্ত শুরু হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বহিরাগত লাবুকেও গ্রেপ্তার করতে পুলিশকে অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৮৪০ ঘ.
bdnews24