চট্টগ্রাম, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণ শুরু হচ্ছে আগামি ২ সেপ্টেম্বর।
মোবাইল ফোনে এসএমএস’র মাধ্যমে এ আবেদন গ্রহণ করা হবে আগামি ৯ অক্টোবর পর্যন্ত।
চুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একই সময়ে ‘এ’ লেভেল ও বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cuet.ac.bd) থেকে আবেদনপত্র ডাউনলোড করে চুয়েট ভর্তি কমিটির সভাপতি বরাবর জমা দিতে পারবেন।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর। সকাল ১০ টায় হবে এমসিকিউ ও বেলা আড়াইটায় মুক্তহস্ত অংকন পরীক্ষা।
আবেদনের ন্যূনতম যোগ্যতা
শিক্ষার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৫ স্কেলের জিপিএ’র মধ্যে কমপক্ষে ৪ পেতে হবে। ২০১২ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে কমপক্ষে জিপিএ ৩ পেতে হবে।
এছাড়া, ওই চারটি বিষয়ে মোট গ্রেড পয়েন্ট ১৭ থাকতে হবে।
অন্যদিকে, বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০১২ সালে উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ওই বিষয়সমূহে কমপক্ষে সমমান গ্রেড পেয়ে পাশ করতে হবে।
আবেদন ফি গ্রুপ-‘ক’ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) ৬০০ টাকা ও গ্রুপ-‘খ’ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) ৭০০ টাকা।
চুয়েটে ২০১২-১৩ শিক্ষাবর্ষে মোট ৬৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
এছাড়া রাখাইন সম্প্রদায়ের জন্য ১টি, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার উপজাতীয়দের জন্য ১০টিসহ অতিরিক্ত ১১টি আসন সংরক্ষিত আছে।
ভর্তি পরীক্ষার আবেদনের নিয়মসহ সব তথ্য চুয়েটের ওয়েবসাইট (www.cuet.ac.bd) থেকে জানা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/১৮৫৪ ঘ.
bdnews24