২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিনস অ্যাওয়ার্ড পেল ঢাবির ১৩ শিক্ষার্থী

২০১০ সালের স্নাতক সম্মান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলের জন্য কলা অনুষদের ১৩ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 09:54 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১০ সালের স্নাতক সম্মান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলের জন্য কলা অনুষদের ১৩ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে পাঁচজনকে ডিনস অনার অ্যাওয়ার্ড এবং আটজনকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ডিনস অনার অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- হাবিবুল্লাহ (আরবি), মো. আবদুল হাদী (আরবি), শামিমা নাসরীন (উর্দু), সিরাজুম মুনিরা (ইসলামিক স্টাডিজ) ও সৈয়দা ইফাত আরা (নাট্যকলা)। ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মানজুরা মালিক আজমী (ইংরেজি), শারমিন নাহার (ফারসি ভাষা ও সাহিত্য), সোমা দে (সংস্কৃত), জাফরিন রিজওয়ানা (ইতিহাস), তানজিনা মেহনাজ (দর্শন), নাজমা (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), শামিমা ইয়াসমিন (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা) এবং তৌহিদা জাহান (ভাষাবিজ্ঞান)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ডিনস কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। দেশের গ্রামীণ জনগণ তথা সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের জন্য মেধাবী শিক্ষার্থীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইংরেজি বিভাগের এমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, সিনেট ও সিন্ডিকেট সদস্য এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৫০ ঘ.