ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমপিওভুক্তির দাবিতে ২ সেপ্টেম্বর থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ‘এমপিওবঞ্চিত’ শিক্ষক-কর্মচারীরা।
মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী পরিষদ ও নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের এক যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে এমপিভুক্তির জন্য সরকারকে ২৪ ঘণ্টা সময় বেধে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উভয় সংগঠনের সমন্বয়ক সভাপতি মো. হানিফউল্লাহ নতুন এই কর্মসূচি ঘোষণা করেন।
বর্তমানে সারাদেশে এক লাখের মত নন-এমপিও শিক্ষক-কর্মচারী রয়েছেন বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বার বার প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে এমপিওভুক্তির দাবি জানিয়ে আসা পরও এমপিও ভুক্তির কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।
এমপিওভুক্তির দাবির পক্ষে বিভিন্ন শিক্ষক সংগঠন, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠনও ধর্মঘটের সঙ্গে সংহতি প্রকাশ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এমপিওভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানান শিক্ষক কর্মচারী নেতারা।
এর আগে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মো. এশারাত আলী বলেন, নিম্ন মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে সাত হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির অপেক্ষায় রয়েছে।
“শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত না হওয়ায় এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন।”
প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন থেকে দাবি আদায়ে আগামী ২ সেপ্টেম্বর জেলায় জেলায় মানববন্ধন, ৩ থেকে ১০ সেপ্টেম্বর গণসংযোগ ও ১১ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসআই/এমডি/এসইউ/১৭৩১ ঘ.
bdnews24