২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামেও মেডিকেল ভর্তিচ্ছুদের অবস্থান কর্মসূচি

মেডিকেল ভর্তি পদ্ধতি পরির্বতনের প্রতিবাদে চট্টগ্রামের জিইসি মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে ভর্তিচ্ছুরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 07:50 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেল ভর্তি পদ্ধতি পরির্বতনের প্রতিবাদে চট্টগ্রামের জিইসি মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে ভর্তিচ্ছুরা। সোমবার সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা নগরীর গুরুত্বপূর্ণ এ মোড়ে অবস্থান নিলে সারা শহরে তীব্র যানজট সৃষ্টি হয়। প্রশাসনের পক্ষ থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও নিজেদের দাবিতে অনড় থাকে আন্দোলনকারীরা। পরে সোয়া ১টার দিকে তারা মিছিল নিয়ে ওই প্রেসক্লাবের দিকে চলে যায়। কোতোয়ালি থানার পরিদর্শক সজীব কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনেক বোঝানোর পর তারা সরে গেছেন। এতোদিন মেডিকেল ও ডেন্টালে ভর্তিতে পরীক্ষা হলেও চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে সরকার জানায়, এবার থেকে আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে না, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, দিনাজপুর, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তারা ১৩ ও ১৪ অগাস্ট টানা দুই দিন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় প্রেসক্লাব ও শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে দিনভর বিক্ষোভ করে। সে সময়ে চট্টগ্রাম, সিলেট ও বরিশালসহ দেশের কয়েকটি স্থানে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। এক অভিভাবকের রিট আবেদনের প্রেক্ষিতে হাই কোর্ট ১৪ অগাস্ট মেডিকেলে ভর্তি নিয়ে একটি রুল জারি করে। জিপিএর ভিত্তিতে ভর্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে। ওইদিন সন্ধ্যা পর্যন্ত কর্মসূচি চালানোর পর শিক্ষার্থীরা জানায়, ঈদের ছুটির কারণে আপাতত আন্দোলন স্থগিত করছে তারা। তবে সরকারের পক্ষ থেকে ‘ইতিবাচক’ কোনো পদক্ষেপ নেওয়া না হলে ২৭ অগাস্ট তারা নতুন কর্মসূচি দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমডি/জেকে/১৩৪৫ ঘ.