চট্টগ্রাম, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফলাফলের ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রামে বৃহস্পতিবার নাগরিক সমাবেশ হয়েছে।
বেলা ১১ টা থেকে দেড়টা পর্যন্ত চট্টগ্রাম প্রেসক্লাবের সামনের সড়কে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সিদ্ধান্তের সমালোচনা করেন। তারা পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজের অধ্যাপক ইদ্রিস আলী, চট্টগ্রাম সিটি কলেজের অধ্যাপক এ কে এম আতিক উল্লাহ, ইউএসটিসি’র মেডিসিন বিভাগের প্রধান ডা. মোস্তফা কামাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সুশান্ত বড়–য়া, জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকতার কবির চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
এছাড়া শিক্ষক, ডাক্তারসহ বিভিন্ন পেশা ও সংগঠনের নেতৃবৃন্দ এবং চট্টগ্রামের বিভিন্ন কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা সমাবেশে অংশ নেন।
গত রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এক সভায় সিদ্ধান্ত হয় যে, মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তির জন্য চলতি বছর থেকে আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে না।
সভাশেষে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ঘোষণা দেন, এখন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদনের জন্য দুই পরীক্ষা মিলিয়ে অন্তত ৮ জিপিএ থাকতে হবে।
এর পর ওই দিন বিকাল থেকেই দেশের বিভিন্ন এলাকায় মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এর প্রতিবাদে নানা কর্মসূচি পালন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/১৮৫০ ঘ.
bdnews24