২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিপিএ ভিত্তিক মেডিকেলে ভর্তির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ

মেডিকেল ও ডেন্টাল কলেজে জিপিএ-এর ভিত্তিতে ভর্তি পরীক্ষা পদ্ধতি বাতিল করার দাবিতে বগুড়ায় বিক্ষোভ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 10:32 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

বগুড়া, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেল ও ডেন্টাল কলেজে জিপিএ-এর ভিত্তিতে ভর্তি পরীক্ষা পদ্ধতি বাতিল করার দাবিতে বগুড়ায় বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বিক্ষোভকারীরা। জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ বলেন, “বিক্ষোভকারীদের স্মারকলিপি পেয়েছি। যথাস্থানে সেটি পৌছে দেওয়া হবে।” পরে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সকাল ১১টা থেকে এক ঘণ্টা ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ঈদকে সামনে রেখে মহাসড়কের এ অবরোধের কারণে কয়েক কয়েকশ’ যানবাহন আটকা পড়ে। বগুড়া সদর থানার পুলিশ পরির্দশক মাহমুদুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ যাওয়া পর অবরোধ তুলে নেয় তারা। সকাল ১০টায় শহরের সাত মাথায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে মানববন্ধন করে। নির্দিষ্ট কিছু প্রশ্ন পড়লেই এসএসসি ও এইচএসসিতে ভালো ফলাফল করা যায় উল্লেখ করে সমাবেশে বক্তারা বলেন, “এটা মেধা পরিমাপ করার মাপকাঠি নয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬২৯ ঘ.