রাজশাহী বিশ্ববিদ্যালয়, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ইউনিট সংখ্যা ১৪ থেকে ১৬ তে উন্নীত করা হয়েছে।
এছাড়া ভর্তি ফরমের মূল্য এবং কলা অনুষদের ভর্তিচ্ছু প্রার্থীদের প্রাথমিক আবেদনের যোগ্যতাও শিথিল করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক নূরুল্লাহ।
তিনি বলেন, ভর্তি পরীক্ষার নতুন দুটি ইউনিট হল এ-৭ (নাট্যকলা ও সঙ্গীত বিভাগ) এবং সি-২ (রসায়ন, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান ও ফার্মেসি বিভাগ)।
কলা অনুষদের শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন যোগ্যতা জিপিএ ৭ করা হয়েছে। বিজ্ঞান ও বাণিজ্য অনুষদের আবেদন যোগ্যতা আগের মত অপরিবর্তীত রয়েছে।
মৌলিক ভর্তি ফরমের মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।
ভর্তি পরীক্ষার সময় সূচিসহ যাবতীয় তথ্য শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.ru.ac.bd ও নোটিশ বোর্ডে দেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয় জন সংযোগ দপ্তরের প্রশাসক চিত্তঞ্জন মিশ্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭০৪ ঘ.
bdnews24