চট্টগ্রাম, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের অন্তর্কোন্দল এবং শাটল ট্রেনের এক চালককে তুলে নেওয়ার ঘটনায় নির্ধারিত সময়ের একদিন আগেই ঈদের ছুটি ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার থেকে আগামী ৩০ অগাস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকবে বলে
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম।
ঈদ উপলক্ষে আগামী বুধবার থেকে এ ছুটি শুরু হওয়ার কথা ছিল।
সফিউল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ে গত দুই দিন ধরে যেসব ঘটনা ঘটছে তার প্রেক্ষিতে ঈদের ছুটি একদিন এগিয়ে আনা হয়েছে।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক সভায় এ সিন্ধান্ত হয় বলে জানান তিনি।
ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের ক্লাস বন্ধ থাকবে। তবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিভিন্ন বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে রেজিস্ট্রার জানান।
আগামী ১৫ থেকে ৩০ অগাস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল করবে না বলেও জানান তিনি।
গত শনিবার ক্যাম্পাসের কলা ঝুঁপড়ি এলাকায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মামুনুল হকের পক্ষের কর্মীদের হামলায় জ্যেষ্ঠ সহ-সভাপতি আবুল মনসুর সিকদারের পক্ষের এক কর্মী আহত হয়। এর পরদিন সেহরির সময় বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে সভাপতির পক্ষের কর্মীদের হামলায় মনসুর সিকদারের পক্ষের আরো তিন ছাত্রলীগকর্মী আহত হয়।
এছাড়া রোববার সকাল ১১টার দিকে ষোলশহর রেল স্টেশন থেকে ট্রেনের চালককে ছাত্রলীগের এক অংশের কর্মীরা তুলে নিয়ে চার ঘণ্টা পর ছেড়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এএইচ/১৪৫২ ঘ.
bdnews24