ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থায়ী শিক্ষা কমিশন ও বেসরকারি শিক্ষক নিয়োগের জন্য স্বতন্ত্র কমিশন গঠনের দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারী ফ্রন্ট।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে ফ্রন্টের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ এ দাবি তুলে ধরেন।
পাশাপাশি বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরের বয়স ৬৫ বছরে উন্নীতকরণ, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া বাড়ানো, পার্বত্য এলাকার শিক্ষক-কর্মচারীদের জন্য ৩০ শতাংশ পাহাড়ি ভাতা চালুসহ শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য আট দফা দাবি জানানো হয়েছে।
এছাড়া শিক্ষার উন্নয়নে শ্রেণীকক্ষে পাঠদান উন্নয়ন পর্যবেক্ষণ, পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা পদ্ধতির সংস্কারসহ সংবাদ সম্মেলনে সাত দফা সুপরিশ তুলে ধরা হয়।
এসব দাবি আদায়ে আগামী ১১ অগাস্ট উপজেলা সদরে শিক্ষার্থীদের অভিভাবক, পেশাজীবী ও স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময়, ১৪ অগাস্ট জেলা সদরে স্থানীয় অভিভাবক ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়, ১ সেপ্টেম্বর জেলা সদরে সংবাদ সম্মেলন, ৯ ও ১১ সেপ্টেম্বর উপজেলা ও জেলা সদরে বিক্ষোভ মিছিল এবং প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করা হয়।
এছাড়া ১৫ সেপ্টেম্বর জেলা সদরে অবস্থান ধর্মঘট ও প্রতীক অনশন, ২০ সেপ্টেম্বর সব বিভাগে শিক্ষক-কর্মচারী মহাসমাবেশ এবং দাবি বাস্তবায়ন না হলে আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় মহাসমাবেশ করা হবে বলে সংবাদ জানান কাজী ফারুক।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (একাংশ) সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুল হক, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার, বাংলাদেশ বেসরকারি অধ্যক্ষ সমিতির আবহ্বায়ক অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৬৩৮ ঘ.
bdnews24