বগুড়া, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালুর দাবিতে বগুড়া সরকারি আযিযুল হক কলেজের শিক্ষার্থীরা স্টেশন রোড এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে।
শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কলেজের সামনের স্টেশন রোডে শিক্ষার্থীরা মানববন্ধন ও অবরোধ করে বলে জানিয়েছেন অধ্যক্ষ অধ্যাপক দীপকেন্দ্র নাথ।
এতে ব্যস্ত সড়কটিতে যানজটের সৃষ্টি হয়।
এ কলেজে ২৩টি বিষয়ে স্নাতক কোর্স চালু থাকলেও স্নাতকোত্তর কোর্স রয়েছে ১৯টিতে। দীর্ঘ দিন থেকে বাকী চারটি বিষয় ফিন্যান্স ও ব্যাংকিং, সমাজ কর্ম, মার্কেটিং ও ইসলামিক স্ট্যাডিজ-এ ¯œাতকত্তর কোর্স চালুর জন্য শিক্ষার্থীরা আন্দোলন করছে।
অধ্যক্ষ আরো জানান, এ সব বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালুর চেষ্টা চলছে।
আন্দোলনে অংশ নেওয়া মার্কেটিং বিভাগের ছাত্র রাহাত হাসান বলেন, “এখানে অনার্স শেষ করার পর অন্য কোন বিশ্ববিদ্যালয়ে গিয়ে মাস্টার্স কোর্স সম্পন্ন করা আমাদের জন্য এক ধরনের হয়রানি।”
“এ জন্য আযিযুল হক কলেজে মাস্টার্স কোর্স চালুর দাবি জানাচ্ছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৪০ ঘ.
bdnews24