২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫ ছাত্রকে বহিষ্কার করে ছুটি ঘোষণা পাবনা বিশ্ববিদ্যালয়ে

শিক্ষকদের গাড়িতে হামলার অভিযোগে পাঁচ ছাত্রকে বহিষ্কারের পর রোজা ও ঈদের ছুটি ঘোষণা করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 04:28 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

পাবনা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষকদের গাড়িতে হামলার অভিযোগে পাঁচ ছাত্রকে বহিষ্কারের পর রোজা ও ঈদের ছুটি ঘোষণা করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী রোববার (৪ অগাস্ট) থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ঈদের ছুটি থাকবে। আগামী ১৫ অগাস্ট থেকে এই ছুটি শুরু হওয়ার কথা ছিল। একই সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষকদের ওপর হামলার অভিযোগে পাঁচ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে বলেও জানানো হয়। উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার তদন্তসহ ৯টি দাবিতে গত ১৭ জুলাই থেকে ক্লাস বর্জন করে আন্দোলন চালিয়ে আসছিল জেলার একমাত্র বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এর মধ্যেই সকালে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের গাড়িতে হামলার পর পুলিশের লাঠিপেটায় অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়। তারপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান পাঁচ ছাত্রকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন। ওই পাঁচজনকেই বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- মাহাদী হাসান সজীব, আল-আমিন, সাজ্জাদ হোসেন, বাকি বিল্লাহ ও খালেদ হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টায় শহরের মোজাহিদ ক্লাবের পাশে শিক্ষকদের বহনকারী একটি মাইক্রোবাস আটকায় ছাত্ররা। এরপর শিক্ষকদের গাড়ি থেকে নামিয়ে আনে। খবর পেয়ে পুলিশ গিয়ে ছাত্রদের লাঠিপেটা করলে ১০ ছাত্র আহত হয়। ঘটনাস্থল থেকে পাঁচ ছাত্রকে গ্রেপ্তার করে পাবনা সদর থানায় নিয়ে যায়। ছাত্রদের বিরুদ্ধে মামলায় বলা হয়, উচ্ছৃঙ্খল ওই ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রভাষক মো. আমিরুল ইসলাম, রাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, তানভীর হায়দার ও তাওহীদুল ইসলামকে মারধরও করে। পাবনা সদর থানার ওসি মো. আফজাল হোসেন সাংবাদিকদের জানান, ঘটনাস্থল থেকে পাঁচ ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মামলায় আসামি করা হয়েছে। এদিকে আন্দোলনরত ছাত্র ওলিউল্লাহ, আসিফ, নাবিল, শান্ত সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে দমানোর জন্য ছাত্রদের ওপর দমন-নিপীড়ণ চালাচ্ছে। ওলিউল্লাহ বলেন, তারা শিক্ষকদের ওপর কোনো হামলা চালাননি। শিক্ষকরাই পুলিশ নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়। গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে জেলা শহরে মিছিল করে ছাত্ররা। শিক্ষক ও শিক্ষার্থীদের মুখোমুখি এই অবস্থানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২২২৫ ঘ.