২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অটিজম একাডেমী প্রতিষ্ঠার সরকারি উদ্যোগ

অটিস্টিক শিশুদের জন্য একটি বিশেষায়িত অটিজম একাডেমী প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 02:46 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটিস্টিক শিশুদের জন্য একটি বিশেষায়িত অটিজম একাডেমী প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে এক সভায় অটিস্টিক শিশুদের জন্য একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই বিশেষায়িত অটিজম একাডেমীতে থাকবে অটিস্টিক শিশুদের উপযোগী ছাত্রাবাস, শিক্ষা উপকরণ, আসবাবপত্র ও একাডেমিক কাম প্রশাসনিক ভবন। দেশের ১৫ হাজার শিক্ষককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া, অটিস্টিক শিশুদের মা-বাবাদের প্রশিক্ষণ এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিগগিরই একটি প্রকল্প গ্রহণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। এছাড়া সব প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অটিজমের ওপর কোর্সে এক বা একাধিক ক্লাস নেওয়া বাধ্যতামূলক করবে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৩ সালের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকে অটিজম সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হবে। পরবর্তীতে নবম ও দশম শ্রেণীর পাঠ্যক্রমেও এ বিষয়টি সংযোজন করা হবে। এছাড়া জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী-নায়েম জিএপিএইচ-বাংলাদেশের সহায়তায় শিগগিরই অটিজমের ওপর একটি ক্লাশ হ্যান্ডআউট প্রণয়ন করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গ্লোবাল অটিজম অ্যান্ড পাবলিক হেলথ’র (জিএপিএইচ-বাংলাদেশ) কো-চেয়ারপারসন প্রাণগোপাল দত্ত, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোস্তফা কামালউদ্দিন, নায়েম মহাপরিচালক প্রফেসর শেখ ইকরামুল কবীর, শিক্ষক প্রশিক্ষণ কলেজের অধ্যক্ষ, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২০৩৪ ঘ.