ঢাকা বিশ্ববিদ্যালয়, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনলাইনে ভর্তি ফরম বিতরণের মধ্য দিয়ে আগামী ২৬ অগাস্ট শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের ভর্তি কাযক্রম।
১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ভর্তি ফরম পাওয়া যাবে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী ১২ অক্টোবর ‘ক’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া ১৯ অক্টোবর ‘খ’ ইউনিটের (মানবিক বিভাগ), ২৩ নভেম্বর ‘গ’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা), ৯ নভেম্বর ‘ঘ’ ইউনিটের (বিভাগ পরিবর্তন) এবং ১৬ নভেম্বর ‘চ’ ইউনিটের (চারুকলা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিভিন্ন ইউনিটে আবেদনের যোগ্যতা :
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে ‘ক’ ইউনিটে মাধ্যমিক ও উচচ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয় বাদে) প্রাপ্ত জিপিএ’র যোগফল ন্যূনতম ০৮, ‘খ’ ইউনিটের জন্য ৭ এবং ‘গ’ ইউনিটের জন্য ৭.৫ থাকতে হবে।
এছাড়া ‘ঘ’ ইউনিটে আবেদনে মানবিক শাখার ক্ষেত্রে ন্যূনতম ০৭, বিজ্ঞান শাখার ক্ষেত্রে ন্যূনতম ০৮ এবং ব্যবসায় শিক্ষা শাখার ক্ষেত্রে ন্যূনতম ৭.৫ থাকতে হবে।
তবে ‘ঘ’ ইউনিটে আবেদনের ক্ষেত্রে উচচ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে সম্মিলিতভাবে গ্রেড পয়েন্ট ন্যূনতম ৬ থাকতে হবে এবং কোন বিষয়েই লেটার গ্রেড সি (গ্রেড পয়েন্ট-৩) এর নিচে হলে আবেদন করা যাবে না।
‘চ’ ইউনিটে আবেদনের ক্ষেত্রে মাধ্যমিক ও উচচ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয় বাদে) প্রাপ্ত জিপিএ’র যোগফল ন্যূনতম ৬.৫ থাকতে হবে।
তবে এসব ক্ষেত্রে ২০১১ ও ২০১২ সালে উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল আবেদন করতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০১৯ ঘ.
bdnews24