২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েটের আন্দোলনে হাই কোর্টের নিষেধাজ্ঞা

বুয়েটের শিক্ষক সমিতি বলেছে, আদালতের নির্দেশনার কাগজপত্র হাতে পেয়ে তারা পরবর্তী করণীয় ঠিক করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 11:11 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুয়েটের চলমান আন্দোলনের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়। শিক্ষক সমিতির সভাপতি-সম্পাদক, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তাদের ধারাবাহিক আন্দোলনে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। পাশাপাশি রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বুয়েট ক্যাম্পাসের আইন-শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশনা দিয়েছে আদালত। বুয়েটের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের ধারাবাহিক আন্দোলনে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে বেঞ্চ একটি রুলও জারি করেছে। শিক্ষা সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, বুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্য, শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে। আন্দোলন বন্ধে হাই কোর্টের নিষেধাজ্ঞা বিষয়ে বুয়েটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেছেন, আদালতের নির্দেশনার কাগজপত্র হাতে পাওয়ার পর আইনজীবীদের সঙ্গে কথা বলে তারা পরবর্তী করণীয় ঠিক করবেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. ইউনূস আলী আকন্দ গত রোববার জনস্বার্থে এই রিট আবেদন করেন। আদালতে তিনিই এ বিষয়ে শুনানি করেন। বুয়েটের পক্ষে ছিলেন এএফএম মেজবাহ উদ্দিন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান শুনানি করেন। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান এবং সহকারি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ ও নাসরিন জাহান। আদেশের পর এম কে রহমান বলেন, “আদালত রুল জারির পাশাপাশি বুয়েটের চলমান আন্দোলনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। পাশাপাশি আইজিপি ও ডিএমপি কমিশনারকে সেখানকার আইন শৃঙ্খলা রক্ষা করতে বলা হয়েছে।” আদেশের সময় রিটকারী ড. ইউনুস আলী আকন্দ দাঁড়িয়ে বলেন, ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়েও আদেশ দেওয়া হোক। জবাবে আদালত বলেন, “পরিস্থিতিতো অশান্ত, এখন কীভাবে ভর্তি পরীক্ষা হবে। আগে পরিস্থিতি হোক। পরে দেখা যাবে।” আদেশের তিন দিনের মধ্যে ২০১২-১৩ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণীর প্রথম বর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশে বিবাদীদের প্রতি নির্দেশনা চেয়েছিলেন ইউনূস আলী। বুয়েট উপাচার্য এস এম নজরুল ইসলাম গত ১০ জুলাই ৪৪দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের যে আগাম ঘোষণা দেন, তা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করারও আদেশ চাওয়া হয় এই রিট আবেদনে। তবে এ বিষয়েও আদালত কোনো আদেশ দেয়নি। উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকরা দাবি পূরণ না হলে গণপদত্যাগেরও ঘোষণা দিয়েছিলেন। সোমবার তারা জানান, সরকারের প্রতি আস্থা রেখে তারা গণপদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করছেন। তবে তারা প্রতিদিন দুই ঘণ্টা করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/জেকে/১৭০৫ ঘ.