ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্যের অপসারণ দাবিতে বেঁধে দেওয়া সময় ফুরিয়ে আসার প্রেক্ষাপটে পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠকে বসেছেন বুয়েটের আন্দোলনরত শিক্ষকরা।
এদিকে সংশ্লিষ্টদের নিয়ে প্রায় এক ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, তারা সঙ্কট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সোমবার দুপুর ২টায় জরুরি সভায় বসার আগে বুয়েটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, “শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত আসে কিনা আমরা তা দেখব। আমাদের গণপদত্যাগের যে সিদ্ধান্ত ছিল- সে বিষয়ে সভা শেষে জানাব।”
পূর্বঘোষিত প্রতীকী অনশন কর্মসূচি উপলক্ষে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা সোমবার সকাল থেকেই ক্যাম্পাসের প্রশাসনিক বনের সামনে অবস্থান নিতে শুরু করেন। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত চলে তাদের কর্মসূচি।
এদিকে পৌনে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী।
প্রায় এক ঘণ্টা পর সভা থেকে বেরিয়ে নাহিদ সাংবাদিকদের বলেন, “বুয়েট পরিস্থিতি পর্যালোচনা করতে বসেছিলাম। মিটিংটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”
সঙ্কট নিরসনে সভায় ‘কিছু সিদ্ধান্ত’ হয়েছে জানালেও এ বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি মন্ত্রী।
নাহিদ বলেন, “পরিস্থিতির সমাধানে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।”
শিক্ষক-শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে কর্তৃপক্ষ গত ১০ জুলাই হঠাৎ করে রোজা ও ঈদের ছুটি এক মাস এগিয়ে এনে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে। পরদিন থেকে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বুয়েট ক্যা¤পাস।
উপাচার্য ও উপউপাচার্যের অপসারণ দাবিতে গত ১১ জুলাই একযোগে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পদে থাকা ২৪ শিক্ষক। এরপর শিক্ষক সমিতি ঘোষণা দেয়, দাবি পূরণ না হলে ২২ জুলাই তারা গণপদত্যাগ করবেন।
তবে ওইদিন এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষকরা গণপদত্যাগের বিষয়টি ৩০ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন। এর পর থেকেই প্রতিদিন বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দুই ঘণ্টা করে প্রতীকী অনশন কর্মসূচি পালন করে আসছেন তারা।
শিক্ষকদের এসব কর্মসূচির মধ্যেই সঙ্কট সমাধানে বুয়েটের সাবেক উপাচার্য ও জ্যেষ্ঠ শিক্ষকদের নিয়ে বৈঠক করে শিক্ষামন্ত্রী জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এর সমাধান খোঁজা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/প্রতিনিধি/জেকে/১৪৩০ ঘ.
bdnews24