চট্টগ্রাম, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) পরিচালিত সব শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েব সাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে সিসিসি কার্যালয়ে মেয়র এম মনজুর আলমের সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।
মেয়র এম মনজুর বলেন,“বর্তমান বিশ্ব হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। আর এই তথ্য প্রযুক্তির অন্যতম মাধ্যম হল ইন্টারনেট। সিসিসির শিক্ষা কার্যক্রমকে আরো একধাপ এগিয়ে নিতে কর্পোরেশনের সব শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েব সাইট চালুর উদ্যোগ নেয়া হল।”
সিসিসির প্রধান শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আলম নিজামীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম, কম্পিউটার ইনস্টিটিউটের পরিচালক আনিছ আহমেদ, ওয়েব ডিজাইনার প্রোসফট সলিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল পারভেজ আজিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/
bdnews24