ঢাকা বিশ্ববিদ্যালয়, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ নির্ধারণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ তারিখ নির্ধারণ করা হয়।
তিনি জানান, ১২ অক্টোবর ‘ক’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১৯ অক্টোবর ‘খ’ ইউনিটের (মানবিক), ২ নভেম্বর ‘গ’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা), ৯ নভেম্বর ‘ঘ’ ইউনিটের (বিভাগ পরিবর্তন) এবং ১৬ নভেম্বর ‘চ’ ইউনিটের (চারুকলা) ভর্তি পরীক্ষার দিন রাখা হয়েছে।
আগামী ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখগুলো অনুমোদন করা হবে বলে জানান তিনি।
ফরিদ উদ্দিন আহমদ জানান, গত বছরের মতো এবারও আবেদনপত্রের ফি ধরা হয়েছে ৩০০ টাকা। তবে অনলাইন ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের অতিরিক্ত ৩০ টাকা দিতে হবে।
ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে গত শিক্ষাবর্ষে যেসব শর্ত ছিল এবারো সেগুলোই থাকছে বলে জানান তিনি।
আগামী ২৬ অগাস্ট থেকে ভর্তিচ্ছুরা অনলাইনে আবেদন পূরণ করতে পারবেন। আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
অনলাইনে ধফসরংংরড়হ.ঁহরাফযধশধ.বফঁ - এই ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৬২৪ ঘ.
bdnews24