জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাই কোর্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচন ‘শান্তিপূর্ণভাবে’ অনুষ্ঠানের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়ার পর আন্দোলনকারী শিক্ষকরা বলেছেন, আদেশের অনুলিপি দেখে তারা পরবর্তী করণীয় ঠিক করবেন।
বৃহস্পতিবার বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত শিক্ষক পরিষদের জরুরি বৈঠক শেষে আন্দোলন পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক নাসিম আক্তার হোসাইন সাংবাদিকদের বলেন, “আদালতের কপি আমাদের হাতে এসে পৌঁছালে তখন সিদ্ধান্ত নেব। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল।”
শুক্রবারের উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিত করে আগে ডিন, সিন্ডিকেট ও সিনেট নির্বাচনের দাবিতে শিক্ষকদের একটি অংশ এই আন্দোলন শুরুর প্রেক্ষাপটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি ও সিনেট সদস্য অধ্যাপক আবুল খায়ের সকালে হাই কোর্টে একটি রিট আবেদন করেন।
এ বিষয়ে শুনানি করে হাই কোর্টের আদেশে বলা হয়, শুক্রবার অনুষ্ঠেয় উপাচার্য প্যানেল নির্বাচন ‘স্বচ্ছ ও শান্তিপূর্ণ করতে’ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও আশুলিয়া থানার ওসিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে হবে।
রিটকারী কোনো বাধা বিপত্তি ছাড়া যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়েও পদক্ষেপ নিতে বলা হয় আদেশে।
হাই কোর্টের আদেশের পর পরবর্তী করণীয় নির্ধারণে আন্দোলনরত শিক্ষকরা প্রশাসনিক ভবনের সামনে জরুরি বৈঠকে বসেন।
এদিকে উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিত করার দাবিতে সকাল থেকেই অনশন চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক। তারা বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অনশন চলবে।
গত ৮ জানুয়ারি এ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ ছাত্রলীগকর্মীদের হামলায় নিহত হন। ওই ঘটনার পর শিক্ষক-শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হয় অধ্যাপক শরীফ এনামুল কবিরকে। গত ১৭ মে ওই পদে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন।
নতুন উপাচার্য দায়িত্ব নিয়ে উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা করার পর ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ ব্যানারে নতুন করে আন্দোলন শুরু করেন বিভিন্ন দল-মতের শিক্ষকরা।
তারা বলছেন, সিনেট সদস্যরা যে তিনজনের প্যানেল মনোনয়ন দেবেন, তার মধ্য থেকেই একজনকে উপাচার্য হিসাবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। কিন্তু সিনেটের ৯২ জন সদস্যের মধ্যে ৫২ জনের মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ায় উপাচার্য প্যানেল মনোনয়নের আগে ডিন, সিন্ডিকেট ও নিসেট নির্বাচন করা জরুরি।
অন্যদিকে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বলে আসছেন, প্যানেল নির্বাচন নির্ধারিত সময়েই হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২৫৫ ঘ.
bdnews24