২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিব্রত করতেই আন্দোলন স্থগিত: নাহিদ

“বুয়েটের আন্দোলনরত শিক্ষকরাই সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানে বাধা সৃষ্টি করেছেন। এখন তারাই বিবেচনা করবেন কীভাবে তা দূর করবেন”, বলেছেন শিক্ষামন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 10:17 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুয়েটের উপাচার্য ও উপ উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষকরা ‘বিব্রত করার জন্যই’ কর্মসূচি স্থগিত করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক ‘জরুরি’ সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “বুয়েটের আন্দোলনরত শিক্ষকরাই সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানে বাধা সৃষ্টি করেছেন। এখন তারাই বিবেচনা করবেন কীভাবে তা দূর করবেন।” আন্দোলনরত শিক্ষকরা গত মঙ্গলবার জানান, আগামী রোববারের মধ্যে দাবি পূরণ না হলে ওইদিন বিকালে তারা একযোগে পদত্যাগ করবেন। কিন্তু পরদিন শিক্ষামন্ত্রী তাদের এ ঘোষণার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললে দুই দিনের জন্য আন্দোলন কর্মসূচি স্থগিত করার কথা বলেন শিক্ষকরা। তবে দাবি পূরণ না হলে রোববার গণপদত্যাগের ঘোষণায় অটল থাকার কথাও আন্দোলনরত শিক্ষকরা জানান। শিক্ষকরা গণপদত্যাগ করলে বুয়েট কীভাবে চলবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, “দেখা যাক না কি করে চলে।” শিক্ষকরা তাকে বিব্রত করার জন্যই আন্দোলন কর্মসূচি দুই দিনের জন্য স্থগিত করেছে বলেও মন্তব্য করেন নাহিদ। সরকার বুয়েট পরিস্থিতির সমাধানে ‘আপ্রাণ’ চেষ্টা করছে দাবি করে তিনি বলেন, “আমার প্রতি তারা সম্মান দেখিয়ে দুই দিন কর্মসূচি বিরতি দিয়েছে। এ সম্মান দেখানোর মাধ্যমে দেশবাসী বিভ্রান্ত হবে। তাই আপনাদের (সাংবাদিক) ডেকেছি।” কর্মসূচি স্থগিতের ঘোষণাকে ‘বিশ্রাম’ অ্যাখ্যায়িত করে নহিদ বলেন, “আমারও ৫২ বছরের আন্দোলনের অভিজ্ঞতা আছে।” শিক্ষামন্ত্রী বলেন, “সমস্যা সমাধানে বুয়েটের সাবেক উপাচার্য ও সিনিয়র শিক্ষকদের নিয়ে আমরা সভা করলাম। কিন্তু তারা আমাদের সভাকে প্রত্যাখ্যান করেছে, আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে।” আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “তারা আমাকে বোকা ভাবতে পারেন, কিন্তু দেশবাসী তো আর বোকা নয়। গণপদত্যাগ করার চেয়ে আর চরম কি হতে পারে? বিশ্ববিদ্যালয় অচল হবে, ধ্বংস হয়ে যাবে।” এর আগে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দিলেও বুয়েট উপাচার্যের বিষয়ে দীর্ঘ দিনেও কোনো সিদ্ধান্ত না নেওয়ার কারণ জানতে চাইল নাহিদ বলেন, “ভিন্ন পরিস্থিতিতে, ভিন্ন জায়গায়, ভিন্ন সিদ্ধান্ত নিতে হয়।” সঙ্কট সমাধানে সরকারের উদ্যোগের বিষয়ে সাংবাদিকরা বারবার জানতে চাইলেও মন্ত্রী এ বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেননি। এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়েই সভাকক্ষ থেকে বের হয়ে যান তিনি। শিক্ষক-শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে বুয়েট কর্তৃপক্ষ গত ১০ জুলাই হঠাৎ করে রোজা ও ঈদের ছুটি এক মাস এগিয়ে আনলে লাগাতার কর্মসূচি শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা। একই দাবিতে গত ১১ জুলাই একযোগে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পদে থাকা ২৪ শিক্ষক। প্রধানমন্ত্রী বুয়েট উপাচার্য এস এম নজরুল ইসলামকে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনা চালানোর পরামর্শ দিলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/জেকে/১৬০৯ ঘ.