২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি উপাচার্য প্যানেল নির্বাচন নির্বিঘ্ন করার নির্দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুক্রবার অনুষ্ঠেয় উপাচার্য প্যানেল নির্বাচন ‘শান্তিপূর্ণভাবে’ অনুষ্ঠানের ব্যবস্থা নিতে বলেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 08:27 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুক্রবার অনুষ্ঠেয় উপাচার্য প্যানেল নির্বাচন ‘শান্তিপূর্ণভাবে’ অনুষ্ঠানের ব্যবস্থা নিতে বলেছে হাই কোর্ট। একটি রিট আবেদনের নিষ্পত্তি করে বিচারপতি নাঈমা হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়। উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিত করে আগে ডিন, সিন্ডিকেট ও সিনেট নির্বাচনের দাবিতে শিক্ষকদের একটি অংশ আন্দোলন শুরুর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি ও সিনেট সদস্য অধ্যাপক আবুল খায়ের সকালে এই রিট আবেদন করেন। উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক আবুল খায়ের বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শরীফ এনামুল কবীরের সমর্থক হিসাবে পরিচিত। তার আবেদনের ওপর সংক্ষিপ্ত শুনানি নিয়ে আদালত আদেশে শুক্রবারের নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করার নির্দেশনা দেয়। রিটকারী কোনো বাধা বিপত্তি ছাড়া যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়েও পদক্ষেপ নিতে বলা হয় আদেশে। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও আশুলিয়া থানার ওসিকে আদালতের এসব নির্দেশ বাস্তবায়নের ব্যবস্থা নিতে বলেছে আদালত। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন শাহদীন মালিক। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। আদেশের পর শাহদীন মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার পরিপ্রেক্ষিতে উপাচার্য প্যানেল নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে না পারার আশঙ্কা থেকেই এ আবেদন করা হয়েছে।” তিনি আরো বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বশেষে ২০০৪ সালে উপাচার্য প্যানেল নির্বাচন হয়। পরবর্তী নির্বাচন হওয়া কথা হওয়ার কথা ছিল ২০০৮ সালে। কিন্তু ২০১২ সালে এ নির্বাচন করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন-১৯৭৩ এর ১১ ধারায় উপাচার্য প্যানেল নির্বাচনের কথা বলা হয়েছে। এ আইনের ১৯ ধারা অনুসারে পরবর্তী সিনেট নির্বাচন না হওয়া পর্যন্ত সিনেটররা স্বপদে বহাল থাকবেন বলে বিধান রাখা হয়েছে।” রিট আবেদনে বলা হয়, উপাচার্য প্যানেল নির্বাচন ঘোষণা দেওয়ার পর থেকে গত কয়েকদিনে বিবাদীরা বিশ্ববিদ্যালয়ে যথাযথ ও স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তারা প্রশাসনিক ভবনে প্রবেশও নিশ্চিত করতে পারছেন না। দায়িত্ব পালনে তাদের এই ব্যর্থতার ফলে রিট আবেদনকারী মুক্ত ও স্বচ্ছভাবে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না বলে আশঙ্কা করছেন। “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সিনেটর হিসাবে রিটকারী উপাচার্য প্যানেল নির্বাচনে অংশ নিতে আইনগতভাবে বাধ্য। বিবাদীরা নির্বাচনে রিটকারীর অংশগ্রহণ নিশ্চিত করতে আইনগতভাবে দায়বদ্ধ। এ বিষয়ে আদালতের নির্দেশনা প্রয়োজন।” গত ৮ জানুয়ারি এ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ ছাত্রলীগকর্মীদের হামলায় নিহত হন। ওই ঘটনার পর শিক্ষক-শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হয় অধ্যাপক শরীফ এনামুল কবিরকে। গত ১৭ মে ওই পদে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন। নতুন উপাচার্য দায়িত্ব নিয়ে উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা করার পর ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ ব্যানারে নতুন করে আন্দোলন শুরু করেন বিভিন্ন দল-মতের শিক্ষকরা। তারা বলছেন, সিনেট সদস্যরা যে তিনজনের প্যানেল মনোনয়ন দেবেন, তার মধ্য থেকেই একজনকে উপাচার্য হিসাবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। কিন্তু সিনেটের ৯২ জন সদস্যের মধ্যে ৫২ জনের মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ায় উপাচার্য প্যানেল মনোনয়নের আগে ডিন, সিন্ডিকেট ও সিনেট নির্বাচন করা জরুরি। এই যুক্তিতে উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিত করার দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে অনশন শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৩৩৭ ঘ.