যশোর, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইসএসসি ও সমমানের পরীক্ষায় এবার যশোর বোর্ডে পাসের হার ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
বোর্ডে ১ লাখ ৫ হাজার ৯৮৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭১ হাজার ৯৩৭ জন। এরমধ্যে ছাত্র ৩৭ হাজার ৫৭৮ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৫৯ জন। পাসের হার ৬৭ দশমিক ৮৭ শতাংশ।
গতবার পাসের হার ছিল ৬৩ দশমিক ৩৭ ভাগ।
বুধবার কারিগরি শিক্ষা বোর্ডসহ দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়।
যশোর বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আমীরুল আলম খান জানান, এবার পাসের হার বাড়ার সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। গত বছর এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৩৭০ জন। এবার এই সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ২২৯ জন হয়েছে। যা প্রায় দ্বিগুণ।
তিনটি বিভাগের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১১ হাজার ৮৭৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৯৭৫ জন। এ হিসেবে বিজ্ঞানে পাসের হার ৭৫ দশমিক ৫৮ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ২ হাজার ৪৮২।
মানবিক বিভাগের ৬৭ হাজার ১৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪১ হাজার ৬৩৮ জন। এ বিভাগে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১৯৩ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৬ হাজার ৯৬৮ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২১ হাজার ৩২৪ জন। পাসের হার ৭৯ দশমিক ০৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৫৪ জন।
বোর্ড চেয়ারম্যান বলেন, “শিক্ষার্থীদের দিকে অভিভাবক ও শিক্ষকরা সমানভাবে নজর দিলে ফল আরও ভালো করা সম্ভব হবে।”
চলতি বছর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৭৮ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬১ হাজার ১৬২ জন।
এবার পাসের হার সবচেয়ে এগিয়ে সিলেট বোর্ডে, ৮৫ দশমিক ৩৭ শতাংশ।
এছাড়া ঢাকা বোর্ডে ৮১ দশমিক ৮৯ শতাংশ, চট্টগ্রামে ৭২ দশমিক ২৯ শতাংশ, বরিশালে ৬৬ দশমিক ৯৮ শতাংশ, কুমিল্লায় ৭৪ দশমিক ৫৬ শতাংশ, যশোরে ৬৭ দশমিক ৮৭ শতাংশ, দিনাজপুরে ৭৫ দশমিক ৪১ শতাংশ এবং রাজশাহী ৭৮ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
মাদ্রাসা বোর্ডে এবার পাসের হার ৯১ দশমিক ৭৭ শতাংশ। আর কারিগরি বোর্ডে পাস করেছে ৮৪ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী।
এ বছর ১ এপ্রিল থেকে ৬ জুন সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯ লাখ ২৬ হাজার ৮১৪ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২১ হাজার ৯৭৯ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯২৩ ঘ.
bdnews24