ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসা ৮১ দশমিক ২৮ পয়েন্ট নিয়ে প্রথম স্থান অধিকার করেছে।
এই প্রতিষ্ঠান থেকে অংশ নেয়া চারশ’ ৭১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে চারশ’ ৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে দুইশ’ ২৮ জন।
একই প্রতিষ্ঠানের টঙ্গী এবং ডেমরায় অবস্থিত মহিলা শাখা যথাক্রমে ৭৯ দশমিক ৯৯ এবং ৭৫ দশমিক ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং ষষ্ঠ অবস্থানে আছে।
৮০ দশমিক ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ঝালকাঠি সদরের এন এস কামিল মাদ্রাসা।
নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, পাসের হার, মোট শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা এবং প্রতিষ্ঠানের গড় জিপিএ- এই পাঁচটি সূচক মূল্যায়ন করে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে।
ডেমরার দারুন নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা ৭৮ দশমিক ৮৩ পয়েন্ট নিয়ে চতুর্থ এবং রংপুরের ধাপ সাতঘরা বায়তুল মুকাররাম কামিল মাদ্রাসা ৭৮ দশমিক ৫৪ পয়েন্ট নিয়ে পঞ্চম সেরা অবস্থানে আছে।
অন্যদিকে চট্টগ্রামের জামিয়া আহমেদিয়া সুন্নী কামিল মাদ্রাসা ৭৫ দশমিক শূন্য ৮ পয়েন্ট নিয়ে সপ্তম, খুলনার দারুল কুরআন সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা ৭৩ দশমিক ১২ পয়েন্ট নিয়ে অষ্টম, পিরোজপুরের সর্ষিনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা ৭২ দশমিক ৩৫ পয়েন্ট নিয়ে নবম এবং লক্ষ্মীপুর সদরের তুমচর এসই ফাজিল মাদ্রাসা ৭১ দশমিক ৬১ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে।
এবার মাদ্রাসা বোর্ড থেকে অংশগ্রহণকারী ৮৪ হাজার দুইশ ৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৭ হাজার তিনশ’ ১৬ জন। পাসের হার ৯১ দশমিক ৭৭।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/১৯০৯ ঘ.
bdnews24