২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাধারণ বোর্ডের ৭টিতে শীর্ষে ক্যাডেট

এইচএসসি ও সমমানের পরীক্ষায় আট শিক্ষা বোর্ডের সাত টিতেই শীর্ষ স্থানে রয়েছে ক্যাডেট কলেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 01:08 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষায় আট শিক্ষা বোর্ডের সাত টিতেই শীর্ষ স্থানে রয়েছে ক্যাডেট কলেজ। নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ- এই পাঁচটি সূচক মূল্যায়ন করে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। ঢাকা বোর্ডে শীর্ষ স্থান পেয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল। বুধবার কারিগরি শিক্ষা বোর্ডসহ দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। শিক্ষা বোর্ড কম্পিউটার সেন্টারের তালিকায় তাদের র‌্যাংক পয়েন্ট ৯৭ দশমিক ৩৪। এবছর এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট এক হাজার একশ’ ৭৬ জন পরীক্ষার্থীর প্রত্যেকেই উত্তীর্ণ হয়। মোট জিপিএ পাওয়া শিক্ষার্থী এক হাজার একশ’ ছয় জন। এবছর রাজশাহী বোর্ডে শীর্ষ স্থানে রয়েছে পাবনা ক্যাডেট কলেজ। তাদের র‌্যাংক পয়েন্ট ৯০ দশমিক ৪০। এ কলেজের মোট ৫০ জন শিক্ষার্থীর প্রত্যেকেই উত্তীর্ণ হয়েছে। মোট জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৪৯। ৮৯ দশমিক ৩৮ পয়েন্ট পেয়ে কুমিল্লা বোর্ডে শীর্ষ অবস্থানে রয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। মোট ৪৮ জন পরীক্ষার্থীর প্রত্যেকেই উত্তীর্ণ হয়েছে। মোট জিপিএ ৫ পেয়েছে ৪৭। যশোর বোর্ডে ৮৯ দশমিক ৩৫ পয়েন্ট পেয়ে শীর্ষ স্থানে রয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। এ কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ৪৭ জন শিক্ষার্থী, যার প্রত্যেকেই পাস করেছে। মোট জিপিএ ৫ পেয়েছে ৪৬। চট্রগ্রাম বোর্ডে শীর্ষ স্থানে রয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এ কলেজের র‌্যাংক পয়েন্ট ৮৭ দশমিক ৭৭। কলেজের ৪১ পরীক্ষার্থীর প্রত্যেকেই পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ৩৮ জন। বরিশাল বোর্ডে ৯০ দশমিক শুন্য পয়েন্ট পেয়ে শীর্ষ স্থানে রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। কলেজের ৪৫ শিক্ষার্থীর প্রত্যেকেই জিপিএ ৫ পেয়েছে। সিলেট বোর্ডে ৮৮ দশমিক ৬০ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে সিলেট ক্যাডেট কলেজ। কলেজের ৪৩ শিক্ষার্থীর প্রত্যেকেই জিপিএ ৫ পেয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে ৯০ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে রংপুর ক্যাডেট কলেজ। ৪৬ শিক্ষার্থীর প্রত্যেকেই জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এছাড়া মাদ্রাসা বোর্ডে শীর্ষে রয়েছে যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামরুল মাদ্রাসা। তাদের র‌্যাংক পয়েন্ট ৮১ দশমিক ২৮। মোট চারশ’ ৭১ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে চারশ’৬৮ জন। জিপিএ ৫ পেয়েছে দুইশ’ ২৮ জন। কারিগরি বোর্ডে ৬৯ দশমিক ৫১ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে চাঁদপুরের হাজিগঞ্জ মডেল কলেজ। মোট দুইশ’ ১২ পরীক্ষার্থীর দুইশ’ আট জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ৭২ জন। চলতি বছর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৭৮ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬১ হাজার ১৬২ জন। এবার পাসের হার সবচেয়ে এগিয়ে সিলেট বোর্ডে, ৮৫ দশমিক ৩৭ শতাংশ। এছাড়া ঢাকা বোর্ডে ৮১ দশমিক ৮৯ শতাংশ, চট্টগ্রামে ৭২ দশমিক ২৯ শতাংশ, বরিশালে ৬৬ দশমিক ৯৮ শতাংশ, কুমিল্লায় ৭৪ দশমিক ৫৬ শতাংশ, যশোরে ৬৭ দশমিক ৮৭ শতাংশ, দিনাজপুরে ৭৫ দশমিক ৪১ শতাংশ এবং রাজশাহী ৭৮ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। মাদ্রাসা বোর্ডে এবার পাসের হার ৯১ দশমিক ৭৭ শতাংশ। আর কারিগরি বোর্ডে পাস করেছে ৮৪ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী। এ বছর ১ এপ্রিল থেকে ৬ জুন সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯ লাখ ২৬ হাজার ৮১৪ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২১ হাজার ৯৭৯ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/১৯০১ ঘ.