২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেউ পাস করেনি ২৪ শিক্ষা প্রতিষ্ঠানে

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর শতভাগ পাসের প্রতিষ্ঠান বাড়লেও ‘কেউ পাস করেনি’ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে গতবারের মতোই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 01:01 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর শতভাগ পাসের প্রতিষ্ঠান বাড়লেও ‘কেউ পাস করেনি’ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে গতবারের মতোই। বুধবার প্রকাশিত এ পরীক্ষার ফলাফলে দেখা যায়, এবার দেশের যে ৭ হাজার ৪৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকে অংশ নিয়েছে, তার মধ্যে ১ হাজার ৩৬টি প্রতিষ্ঠানে সবাই পাস করেছে। এই সংখ্যা গত বছর চেয়ে ১৪৪টি বেশি। গতবছর সারা দেশে ৮৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছিল। কোনো পরীক্ষার্থীই পাস করেনি- এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২৪টি। গতবছরও একই সংখ্যক প্রতিষ্ঠানে পাসের হার ছিল শূন্য। শতভাগ পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বোর্ডে, ৫৬টি। এছাড়া রাজশাহীতে ১২টি, কুমিল্লায় ৬টি, যশোরে ৪টি, চট্টগ্রামে ৫টি, বরিশালে ৫টি, সিলেটের ১২টি এবং দিনাজপুর বোর্ডের ১২টি প্রতিষ্ঠানে সবাই পাস করেছে। এছাড়া মাদ্রাসা বোর্ডের ৭৬৭টি শিক্ষা প্রতিষ্ঠান এবং কারিগরি বোর্ডের ১৫৭টি প্রতিষ্ঠানে পাসের হার শতভাগ। শূন্য পাসের হারও ঢাকা বোর্ডেই সবচেয়ে বেশি, ৬টি। এছাড়া দিনাজপুর বোর্ডের ৫টি, রাজশাহীর ৪টি, বরিশাল বোর্ডে ৩টি এবং যশোর বোর্ডের ১টি প্রতিষ্ঠানে কেউ এবার পাস করতে পারেনি। কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট বোর্ডে ‘শূন্য পাসের’ কোনো প্রতিষ্ঠান নেই। শতভাগ পাসের প্রতিষ্ঠান গতবারের চয়ে বাড়ায় সন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এবার সব সূচকেই উন্নতি হয়েছে। এ থেকে বোঝা যায়, শিক্ষার মান ও শিক্ষা ব্যাবস্থাপনারও দিন দিন উন্নতি হচ্ছে। যেসব কলেজে একজনও পাস করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানে ‘বিশেষ দৃষ্টি’ দিতে হবে বলেও মন্ত্রী উল্লেখ করেন। চলতি বছর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৭৮ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১ হাজার ১৬২ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/১৮৫৫ ঘ.