জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্য প্যানেল মনোনয়নের আগে ডিন, সিন্ডিকেট ও সিনেট নির্বাচনের দাবিতে দ্বিতীয় দিনের মত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত শিক্ষক পরিষদের কর্মবিরতিসহ অবরোধ চলছে।
ধর্মঘট কর্মসূচির কারণে বিভিন্ন বিভাগে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।
একই দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ এবং প্রশাসনিক ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করবেন শিক্ষকরা।
অবরোধে বন্ধ রয়েছে প্রশাসনিক ভবনের দাপ্তরিক কাজকর্ম। এছাড়া টানা পঞ্চম দিনের মত কার্যালয়ে আসছেন না উপাচার্য।
আগামী ২০ জুলাই উপাচার্য প্যানেল মনোনয়নের দিন নির্ধরাণ করায় বিভিন্ন দল ও মতের শিক্ষকরা ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ ব্যানারে এই আন্দোলন শুরু করেন। তাদের দাবি, উপাচার্য প্যানেল মনোনয়নের আগে ডিন, সিন্ডিকেট ও সিনেট নির্বাচন দিতে হবে।
গত ৮ জানুয়ারি ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ ছাত্রলীগ কর্মীদের হামলায় নিহত হন। ওই ঘটনার পর শিক্ষক শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হয় অধ্যাপক শরীফ এনামুল কবিরকে। গত ১৭ মে ওই পদে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন।
আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, নতুন উপাচার্য দায়িত্ব নিয়ে জাকসু, ডিন, সিনেট, সিন্ডিকেট নির্বাচনের কথা বললেও হঠাৎ করে উপাচার্য প্যানেল মনোনয়নের তারিখ ঘোষণা করা দূরভিসন্ধিমূলক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১৪৭ ঘ.
bdnews24