রাবি, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আব্দুল্লাহ আল হাসান সোহেল নিহতের মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে গ্রেপ্তার আশরাফুজ্জামান সোহেল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি। তিনি প্রাণিবিজ্ঞান বিভাগের øাতকোত্তর পর্বের ছাত্র।
বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকা থেকে বিকাল সাড়ে ৪টার দিকে আশরাফুজ্জামান সোহেলকে গ্রেপ্তার করা হয় বলে মতিহার থানার ওসি আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
আশরাফুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য বিকালেই আদালতের মাধ্যমে দুদিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের পর তাকে মহানগর হাকিম আদালতে হাজির করে তিন দিনের হেফাজতে চায় পুলিশ। বিচারক আমিরুল ইসলাম দুই দিনের হেফাজন মঞ্জুর করেন।
গ্রেপ্তার আশরাফুজ্জামান দাবি করেছেন, তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলেন না।
“আমি বঙ্গবন্ধুকে ভালোবেসে ছাত্রলীগ করি। কিন্তু আজ আমাকে বলির পাঠা বানানো হল,” মতিহার থানা হেফাজতে সাংবাদিকদের বলেন তিনি।
ছাত্রলীগকর্মী আব্দুল্লাহ আল হাসান সোহেল হত্যার ঘটনায় সোমবার রাতে মতিহার থানায় একটি মামলা করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো মোহাম্মদ নোমান।
থানার এএসআই শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৪ জনকে আসামি করে মোহাম্মদ নোমান এই মামলা করেন।
এদিকে রোববার রাতের সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ সোমবার দুজনকে বহিষ্কার করেছে। তারা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি আখেরুজ্জামান তাকিম এবং সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিন।
মোহাম্মদ নোমান যে হত্যামামলা দায়ের করেছেন, তাতে সাংগঠনিক সম্পাদক তুহিনও আসামি। তিনটি ধারায় অভিযোগ আনা হয়েছে ১৪ আসামির বিরুদ্ধে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি তাজমহল হিরো ও আরিফ, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, উপদপ্তর সম্পাদক নাজিম আহমেদ, কৌশিক হোসেন, আতিকুর রহমান আতিক, তামিম, দিগন্ত, তানিম আহমেদ, ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর এলাকার বনি।
পদ্মা সেতুর চাঁদা তোলাকে কেন্দ্র করে বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলী আহমেদের অনুসারী তুহিন এবং সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপুর অনুসারী তাকিমের মধ্যে তর্কাতর্কির জেরে রোববার রাতে সংঘর্ষ বাঁধে বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রাবাসে। এতে গুলিবিদ্ধ হন আব্দুলাহ আল হাসান সোহেল। সোমবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ওই সংঘর্ষ তদন্তে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সোহেলের দাফন
আব্দুল্লাহ আল হাসান সোহেলকে মঙ্গলবার সকাল ৯টায় রংপুরের কাউনিয়া উপজেলার শাব্দি ভুতছাড়ায় গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সোহেলের লাশ সোমবার গভীর রাতে ঢাকা থেকে রংপুরের কাউনিয়া উপজেলার শাব্দি ভুতছাড়ায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর সকালে শাব্দি মাদ্রাসা মাঠে তার জানাজা হয়।
এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে পরিবারের সদস্যরা জানান।
কাউনিয়া উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সহপাঠীরা সোহেলের জানাজায় অংশ নেন।
জানাজার আগে সোহেলের বাবা কাউনিয়া উপজেলা জামায়াতের আমির আব্দুস সালাম সরকার বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে আর কোনো ছাত্র যেন সোহেলের মতো লাশ হয়ে না ফেরে।”
সোহেল হত্যার বিচার দাবি
সোহেল হত্যার বিচার দাবিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মৌন মিছিল করে বিএনপি সমর্থক শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক সমাজ।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও ফলিত গণিত বিভাগের অধ্যাপক শামসুল আলম সরকারের নেতৃত্বে শতাধিক শিক্ষক এই মৌন মিছিলে অংশ নেন।
মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে এক সমাবেশে এ হত্যাকাণ্ডের বিচার ও উপাচার্যের পদত্যাগ দাবি করেন শিক্ষকরা।
অধ্যাপক শামসুল আলম বলেন, এই দাবিতে বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন তারা।
এদিকে সোহেল হত্যার বিচার দাবিতে তার বিভাগ সমাজ বিজ্ঞানের শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে মানবন্ধন করে।
মানববন্ধন অংশ নেওয়া সমাজ বিজ্ঞানের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/জেকে/এমআই/২২০৩ ঘ.
bdnews24