জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্য প্যানেল মনোনয়নের আগে ডিন, সিন্ডিকেট ও সিনেট নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত শিক্ষক পরিষদ।
মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হওয়া অবরোধ ও কর্মবিরতি চলে বিকাল ৫টা পর্যন্ত।
কর্মবিরতির কারণে অধিকাংশ বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়নি। স্থগিত করা হয় অর্থনীতি বিভাগে দ্বিতীয় বর্ষের একটি পরীক্ষা।
সম্মিলিত শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক এম এ মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘোষিত উপাচার্য প্যানেল মনোনয়নের তারিখ স্থগিতের দাবিতে আন্দোলন চলছে এবং চলবে। এটি নিয়ে ধুম্রজালের কোনো অবকাশ নেই।”
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অধিকাংশ শ্রেণীকক্ষ তালাবদ্ধ থাকায় বিভাগের নিয়মিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।”
আগামী ২০ জুলাই উপাচার্য প্যানেল মনোনয়নের দিন নির্ধরাণ করায় বিভিন্ন দল ও মতের শিক্ষকরা ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ ব্যানারে এই আন্দোলন শুরু করেন। তাদের দাবি, উপাচার্য প্যানেল মনোনয়নের আগে ডিন, সিন্ডিকেট ও সিনেট নির্বাচন দিতে হবে।
উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন চলমান আন্দোলনকে অযৌক্তিক আখ্যায়িত করে বলেন, “আন্দোলনকারী শিক্ষকদের দাবি যুক্তিযুক্ত নয়। সংখ্যা বিবেচনায় নয় রবং একজন শিক্ষকও যদি যৌক্তিক দাবি করতেন তবে তা ভেবে দেখতাম।”
গত ৮ জানুয়ারি ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ ছাত্রলীগ কর্মীদের হামলায় নিহত হন। ওই ঘটনার পর শিক্ষক শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হয় অধ্যাপক শরীফ এনামুল কবিরকে। গত ১৭ মে ওই পদে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন।
আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, নতুন উপাচার্য দায়িত্ব নিয়ে জাকসু, ডিন, সিনেট সিন্ডিকেট নির্বাচনের কথা বললেও হঠাৎ করে উপাচার্য প্যানেল মনোনয়নের তারিখ ঘোষণা করা দূরভিসন্ধিমূলক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএইচ/আরএ/১৭০৫ ঘ.
bdnews24