ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের গণপদত্যাগের হুমকির পেছনে ‘ভিন্ন উদ্দেশ্য’ রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববারের মধ্যে উপাচার্য ও উপউপাচার্যকে অপসারণ না করলে শিক্ষকদের একসঙ্গে পদত্যাগের হুমকির পর শিক্ষামন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে বলেন, “আমার সন্দেহ হচ্ছে সমাধানের নানা উদ্যোগ ব্যহত করতে তাদের হয়তো অন্য উদ্দেশ্য থাকতে পারে।”
সমাধানের উদ্যোগ সত্ত্বেও শিক্ষকদের এই হুমকির ঘোষণায় বিস্ময় প্রকাশ করে নাহিদ বলেন, উদ্ভুত পরিস্থিতি সমাধানে জ্যেষ্ঠ শিক্ষকদের নিয়ে সভা শেষ করার ৪০ মিনিটের মধ্যে শিক্ষক সমিতি সভা ডেকে গণপদত্যাগের এই হুমকি দিয়েছে।
“কৌশলে সভাকে প্রত্যাখ্যান করে তা ভিন্নখাতে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ প্রক্রিয়া যাতে এগোতে না পারে সেজন্য প্রকাশ্যে এই কর্মসূচি দেওয়া হয়েছে।”
“আমরা এখন কোন মুখে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে যাব। এই প্রক্রিয়া নিয়ে এগোতে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। শিক্ষক-শিক্ষকার্থীদের শিক্ষা জীবন ব্যহত হচ্ছে, শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে,” বলেন শিক্ষামন্ত্রী।
তবে এরপরও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খোঁজা হবে বলে জানান নাহিদ।
তিনি বলেন, উপাচার্য ও উপউপাচার্য পদে কে থাকবে আর কে থাকবে না তার চেয়ে গুরত্বপূর্ণ হলো বিশ্ববিদ্যালয় ঠিকমতো চলা।
উপাচার্য ও উপউপাচার্যের অনিয়মের বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
দীর্ঘদিনের আন্দোলনেও কেন উপাচার্য ও উপউপাচার্যকে সরিয়ে দেওয়া হচ্ছে না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “কেউ বললেইতো কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। আইন আছে, পদ্ধতি আছে।”
শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম রোজা ও ঈদের ছুটি এক মাস এগিয়ে আনার পর গত সপ্তাহে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংশি¬ষ্ট বিভিন্ন পদে থাকা ২৪ শিক্ষক এ দাবিতে গত বুধবার একযোগে পদত্যাগ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপাচার্য নজরুল ইসলামকে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেও আন্দোলনরত শিক্ষকরা সাফ জানিয়ে দেন, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ছাড়া আর কারো সঙ্গে বসতে তারা রাজি নন।
শিক্ষকদের এই ঘোষণার পর সোমবার শিক্ষামন্ত্রী বুয়েটের সাবেক উপাচার্য ও জ্যেষ্ঠ্য শিক্ষকদের নিয়ে সভা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/জেকে/১৬২০ ঘ.
bdnews24