জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্য প্যানেল মনোনয়নের আগে ডিন, সিন্ডিকেট ও সিনেট নির্বাচনের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত শিক্ষক পরিষদ।
আন্দোলনরত শিক্ষকরা রোববার সকাল সাড়ে ৭টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিলে ভবনে প্রবেশের দুটি ফটক বন্ধ হয়ে যায়। পৌনে ৮টার দিকে নিবন্ধক আবু বকর সিদ্দিকসহ কর্মকর্তা-কর্মচারীরা প্রশাসনিক ভবনে প্রবেশ করতে চাইলে শিক্ষকদের বাধার মুখে তারা ফিরে যান।
এই অবরোধ কর্মসূচি দুপুর ২টা পর্যন্ত চলে বলে আন্দোলনরত শিক্ষকরা জানান।
আগামী ২০ জুলাই উপাচার্য প্যানেল মনোনয়নের দিন নির্ধরাণ করায় বিভিন্ন দল ও মতের শিক্ষকরা ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ ব্যানারে এই আন্দোলন শুরু করেন। তাদের দাবি, উপাচার্য প্যানেল মনোনয়নের আগে ডিন, সিন্ডিকেট ও সিনেট নির্বাচন দিতে হবে।
এই দাবিতে শনিবার থেকে প্রশাসনিক ভবনে অবস্থান, অবরোধ ও কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
সম্মিলিত শিক্ষক পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের’ সভাপতি অধ্যাপক হানিফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কর্মসূচি চলতে থাকলে বিশ্ববিদ্যালয়ে প্যানেল নির্বাচন সম্ভব নয়। আন্তরিকতা থাকলে ২০/২১ দিনের মধ্যেই মেয়াদোত্তীর্ণ পর্ষদগুলোতে নির্বাচন করা সম্ভব।”
গত ৮ জানুয়ারি ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ ছাত্রলীগ কর্মীদের হামলায় নিহত হন। ওই ঘটনার পর শিক্ষক শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হয় অধ্যাপক শরীফ এনামুল কবিরকে। গত ১৭ মে ওই পদে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন।
আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, নতুন উপাচার্য দায়িত্ব নিয়ে জাকসু, ডিন, সিনেট সিন্ডিকেট নির্বাচনের কথা বললেও হঠাৎ করে উপাচার্য প্যানেল মনোনয়নের তারিখ ঘোষণা করা দূরভিসন্ধিমূলক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১২৫০ ঘ.
bdnews24