গাজীপুর, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের নির্দেশনার আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশোধিত জনবল কাঠামোসহ আরো পাঁচশ’ পদ বাড়ানোর প্রস্তাব অনুমোদিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সিনেট ভবনে অনুষ্ঠিত চতুর্দশ সিনেট অধিবেশনে এ অনুমোদন দেওয়া হয়।
অধিবেশনে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে জিয়াউর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয় করার বিষয়ে ১০ম সিনেট অধিবেশনে নেওয়া সিদ্ধান্ত বাতিল করে জোট সরকারের নাম পরিবর্তনের ‘অপচেষ্টার’ প্রতিবাদ জানিয়ে নিন্দা প্রস্তাব গৃহীত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক তোফায়েল আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্টের নির্দেশনার আলোকে ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী সর্বশেষ সিন্ডিকেট সভায় নেওয়া পাঁচশ’ পদ বৃদ্ধির সিদ্ধান্ত চতুর্দশ সিনেট অধিবেশনে অনুমোদিত হয়েছে।
এছাড়া ইতোপূর্বে সীমিত আকারে চালু করা বিশ্ববিদ্যালয়ের সাতটি আঞ্চলিক কার্যালয়ের প্রধান হিসেবে একজন করে পরিচালকসহ ৮৫ জন কর্মকর্তা-কর্মচারি নিয়োগের প্রস্তাবও অনুমোদিত হয় বলে জানান তিনি।
সিনেট অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। এতে আরো উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ।
সিনেট অধিবেশনে ২০১২-১৩ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ১২০ কোটি ৩৬ লাখ ৮৮ হাজার টাকার মূল বাজেট এবং ২০১১-১২ অর্থবছরের ১০১ কোটি ৭৭ লাখ ৩৩ হাজার টাকার সংশোধিত বাজেটও পাস হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/২২৫৫ ঘ.
bdnews24