পিরোজপুর, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র সংগঠনগুলোর সংঘর্ষ এবং অধ্যক্ষসহ দুই শিক্ষকের বাড়ির সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটার পর পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের নির্বাচন পণ্ড হয়ে গেছে।
রোববার এই নির্বাচন হওয়ার কথা ছিল, যাতে ছাত্রলীগ ও ছাত্রদলের দুটি করে মোট চারটি প্যানেলের লড়াইয়ে নামে।
নির্বাচনের আগে শুক্রবার রাতে অধ্যক্ষ গণেশ চন্দ্র অধিকারী এবং নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইংরেজি বিভাগের অধ্যাপক সদানন্দ গাইনের বাড়ির সামনে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
এছাড়া শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা হয়। এই অবস্থায় সার্বিক পরিস্থিতি অনুকূলে নয় বলে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে অধ্যক্ষ সাংবাদিকদের জানান।
জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুদ আহম্মেদ রানা ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক মাসুদ ক্যাম্পাসের সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছে।
দুজনই বলেছেন, নির্বাচনে তাদের জয় নিশ্চিত দেখে অন্যপক্ষ পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করেছে।
সদর থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, রাতে দুই শিক্ষকের বাড়ির সামনে হাতবোমা বিস্ফোরণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখান থেকে অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার করা হয়।
শনিবার সকাল থেকে কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রলীগের দুই প্যানেলের প্রার্থী ও সমর্থকরা শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছিল।
এর মধ্যেই ছাত্রদলের দুই প্যানেলের সমর্থকদের সংঘর্ষ বেঁধে যায়, যাতে সাতজন আহত হয় বলে শিক্ষার্থীরা জানায়।
আহতরা হলেন- ছাত্রদলের ভিপি প্রার্থী নাইমুজ্জামান শেখ মিরন, রাহাত শেখ, শফিকুল ইসলাম সোহাগ, এমদাদুল হক মাসুদ, এমাদুল, যোবায়ের হোসেন সাকিব ও ফরিদ হোসেন মামুন।
ছাত্রদলের এমদাদুল হক মাসুদ নেতৃত্বাধীন প্যানেলের সমর্থকরা ওই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
এদিকে ছাত্রদলের সংঘর্ষের পর ক্যাম্পাস থেকে মিছিল করে ছাত্রলীগের খায়রুল ইসলাম মিঠু-এস এম বায়েজিদ নেতৃত্বাধীন প্যানেলের সমর্থকরা।
সেই মিছিল থেকে শহরের উকিলপাড়ায় ছাত্রলীগের অন্য প্যানেলের ভিপি প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহাবুব শুভর বাড়িতে হামলা হয় বলে স্থানীয়রা জানায়।
এর প্রতিবাদে সংবাদ সম্মেলনে শুভ অভিযোগ করেছেন, হামলাকারীরা তার বাড়িতে লুটপাটও চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৭ ঘ.
bdnews24