লালমনিরহাট, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিগগিরই দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন।
শনিবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
“এছাড়া পর্যায়ক্রমে প্রত্যেক বিদ্যালয়ে একজন করে নৈশ প্রহরী নিয়োগের বিষয়টিও বিবেচনাধীন রয়েছে।
“প্রত্যেক বছরের ১লা জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে শিক্ষকদের বদলি করার নির্দেশনা জারি করা হয়েছে,’ বলেন তিনি।
দুপুরে পাটগ্রাম পৌর কমিউনিটি হল রুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত দারিদ্র্য পীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দারিদ্র্য পীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রোগ্রামের প্রকল্প পরিচালক বাবলু কুমার সাহা, রংপুর বিভাগীয় শিক্ষা কর্মকর্তা কুতুব উদ্দিন, লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন আক্তার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৯ ঘ.
bdnews24