রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেতৃত্বের কোন্দলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই নেতার মারামারিতে দুজনই আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে নবাব আব্দুল লতিফ হলে আহত এই দুজন হলেন কাওসার আহমেদ কৌশিক (রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষ) ও আনিছুর রহমান আনিছ (উদ্ভিদ বিজ্ঞান চতুর্থ বর্ষ)।
ছুরিকাঘাতে আহত এই দুজনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বুধবার দুপুরে ছাত্রলীগের নব-গঠিত কমিটির সমাবেশে কয়েকদিনের মধ্যে আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয়কে ২৭টি ইউনিটে ভাগ করে প্রত্যেক ইউনিটের কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। ওই ঘোষণার পর থেকেই নেতাকর্মীদের মধ্যে পদ পাওয়া নিয়ে রেশারেশি শুরু হয়।
হলের ছাত্ররা জানায়, লতিফ হলে সভাপতি প্রার্থীর দৌড়ে ছিলেন আনিছ ও কৌশিক। কৌশিক আনিছকে প্রার্থিতা প্রত্যাহার করতে বললে তা নিয়ে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে কৌশিক ছুরি দিয়ে আনিছকে আঘাত করলে আনিছও পাল্টা কৌশিককে আঘাত করে।
এই ঘটনার পর ছাত্রলীগকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মতিহার থানা পুলিশ ও ছাত্রলীগ সভাপতি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
আহত আনিছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো কিছু বুঝে উঠার আগেই কৌশিক ছুরিকাঘাত করলে আমি তা প্রতিরোধের চেষ্টা করি।”
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আহমেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে আমরা তাদের ডেকে সমাধান করে দিয়েছি।”
মতিহার থানার ওসি আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লতিফ হলে কিছুটা উত্তেজনা দেখা দিলেও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০০১১ ঘ.
bdnews24